চরমোনাইয়ে দেয়া বক্তব্যের জন্য মাওলানা মুজিবের দুঃখ প্রকাশ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: চরমোনাইয়ের মাহফিলে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজধানী ঢাকা তেজগাঁও রেলওয়ে মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে মাওলানা মুজিবুর রহমান বলেন, দেশের সব ধারার দ্বীনি কাজকে মুহাব্বত ও সহযোগিতা করি ও এ যাবত করে আসছি। বিশেষ করে উলামায়ে দেওবন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামতের উপর প্রতিষ্ঠিত সব রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচিকে প্রত্যক্ষ ও পরােক্ষ সমর্থন করি।
সাম্প্রতিক চরমােনাইয়ের মাহফিলে আমার দেখা বক্তব্যে পক্ষে/ বিপক্ষে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশের শীর্ষ আকাবির কিংবা কোন দলের প্রতি আমার রাগ-বিরাগ, মান-অভিমান বা বিদ্বেষ নেই। বরং বর্তমান ও পূর্বসূরী সব মুরব্বী আলেমের প্রতি আমি শ্রদ্ধা রাখি।
চরমােনাই মাঠে অতি স্বল্প সময়ে আমার দেয়া বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোন দলের নেতা-কর্মীর অনুভূতিতে আঘাত লাগলে ‘আমি নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। সকলের দুআ, মুহাব্বত ও আন্তরিকতা নিয়ে আগামীর পথ চলতে চাই।
এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামকে নিয়ে চরমোনাইর ফাল্গেুনের মাহফিলে বক্তব্য দিতে গিয়ে মন্তব্য করায় সমালোচনার ঝড় ওঠে স্যোশাল মিডিয়ায়।
প্রসঙ্গত, মুফতি মুজিবুর রহমান বলেন, আমাদের জীবনে দেখা বিগত পঞ্চাশ বছরে যেসব ইসলামি দল সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি এখানে আ ফ ম খালেদ হোসাইনের শ্বশুর যে দলের প্রধান ছিলেন, সে দলটিও কাফন দাফনের মত শেষ। তারপর এলো হাফেজ্জি হুজুর রহ.-এর খেলাফত আন্দোলন, সে দলও হুজুরের ইন্তেকালের পরই শেষ। তারপর দেখলাম এদেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর প্রতিষ্ঠিত খেলাফত মজলিস। সে দলও শেষ। মুফতি আমিনী রহ.ও দেশের বিশাল এক ব্যক্তি ছিলেন, তিনি গঠন করেছিলেন ইসলামি ঐক্যজোট। তার মৃত্যুর পরপরই সে দলও শেষ। এরপর এ দেশের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. প্রতিষ্ঠা করলেন হেফাজতে ইসলাম। তার ইন্তেকালের পর সেটাও শেষ। আগের মত আর এ দল জ্বলবে না। একমাত্র পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম গঞ্জ থেকে নিয়ে রাজধানী পর্যন্ত, তৃণমূল থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত সাজিয়েছেন সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ দলটিকে, এ গাছটিকে টিকিয়ে রাখার জন্য আমাদের ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে।


