পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোভিড-১৯ মহামারিকালের সীমিত পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (২৫ জুন) থেকে আগ্রহী আবেদনকারীদের চূড়ান্ত বাছাই পর্ব শুরু হয়েছে। করোনা সংক্রমণ রোধে এ বছর সৌদিতে অবস্থারত ৬০ হাজার নাগরিক ও প্রবাসী হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব।
খবরে জানা যায়, ৯ জুলাই (২৯ জিলকদ) পর্যন্ত চূড়ান্ত বাছাই পর্ব চলতে থাকবে। আবেদনকারীর প্রদত্ত তথ্য যাচাই-বাছাই ও স্থান খালি থাকা সাপেক্ষে বাছাই পক্রিয়া অব্যাহত থাকবে। এদিকে হজের আবেদনের শেষ দিন (২৩ জুন) পর্যন্ত সৌদিতে অবস্থানরত ৫ লাখ ৫৮ হাজার ২৭০ লোক হজের আবেদন করেন।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. আবদুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত জানান, হজের বাছাই পর্ব কয়েক ধাপে সম্পন্ন হবে। বাছাই পর্বে উপযুক্ত আবেদনকারীদের মেসেজ করে জানানো হবে। এরপর তাদেরকে নির্ধারিত একটি প্যাকেজের মূল্য পরিশোধ করতে হবে। পুরো পক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
গত ১২ জুন শুধুমাত্র সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মুসলিম হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব। হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে মুসল্লিদের ‘স্বাস্থ্য ও নিরাপত্তা’ অগ্রাধিকার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
এবারের সীমিত হজে অংশগ্রহণের ক্ষেত্রে যারা করোনা টিকা নিয়েছেন এবং আগে হজ পালন করেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ১৮-৬৫ বছর বয়সী হওয়া ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি কর্তৃপক্ষ।
করোনাকালের সীমিত অনুমোদিত তিনটি প্যাকেজের বিভিন্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রথম প্যাকেজের মূল্য ১৬ হাজার ৫৬০.৫০ রিয়াল (৪ হাজার ৪২৬ ডলার), দ্বিতীয় প্যাকেজের মূল্য ১৪ হাজার ৩৮১.৯৫ রিয়াল এবং তৃতীয় প্যাকেজের মূল্য ১২ হাজার ১১৩.৯৫ রিয়াল। এর সঙ্গে নির্ধারিত পরিমাণ ভ্যাটও যুক্ত হবে।
গত ১২ জুন শুধুমাত্র সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মুসলিম হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব। হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে মুসল্লিদের ‘স্বাস্থ্য ও নিরাপত্তা’ অগ্রাধিকার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
সূত্র : আরব নিউজ


