পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পণ্য ও সেবা মিলিয়ে চলতি অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার। গত বছর এ লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার।
গতকাল মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনও কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, পণ্যখাতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় ১৩ দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করে ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের ররফতানি লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। সেবা খাতের জন্য প্রায় ১৮ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করে ৮ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করার প্রস্তাব করা হয়।
সেবা খাতের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ বিলিয়নের বিপরীতে ২০২৪-২৫ অর্থবছরে জুলাই-এপ্রিল পর্যন্ত রফতানি হয়েছে ৫ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ বেশি। এর মধ্যে তৈরী পোশাক খাতে ওভেন রফতানির লক্ষ্যমাত্রা ১৪ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি ধরে ২০ হাজার ৭৯০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া তৈরি নিট রফতানি লক্ষ্যমাত্রা ১২ দশমিক ০১ শতাংশ প্রবৃদ্ধি ধরে ২৩ হাজার ৭০০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি অর্থবছরে হোম-টেক্সটাইল খাতের রফতানির বিশ্ববাজার আকৃতি, প্রবৃদ্ধি এবং আমাদের সক্ষমতার প্রেক্ষাপটের আলোকে প্রবৃদ্ধি ১৭ দশমিক ০৩ শতাংশ ধরে ১ হাজার ২০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত চামড়াও চামড়াজাত পণ্যের রফতানি লক্ষ্যমাত্রা ২০২৪-২৫ অর্থবছরে ০৯ দশমিক ১৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে ১ হাজার ২৫০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। হিমায়িত ও জীবন্ত মাছ রফতানির লক্ষ্যমাত্রা ২২ দশমিক ০৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে ৫৩৯ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। পাট ও পাট পণ্যের রফতানির লক্ষ্যমাত্রার ৯ দশমিক ৭৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
সভায় বাণিজ্য সচিব মাহবুবর রহমান, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিকেএমইএ সভাপতি এম এ হাতেম এবং বিজেএমইএর একজন প্রতিনিধিও বক্তব্য রাখেন। এ সময় এম এ হাতেম বলেন, গ্যাস সঙ্কট দূরীভূত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং ব্যাংক ও কাস্টমস খাতে সমস্যা দূর করতে পারলেও রফতানি আয়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা সম্ভব।
এক নজরে রফতানি লক্ষ্যের খুঁটিনাটি
তৈরী পোশাক খাতের (ওভেন) রফতানির লক্ষ্যমাত্রা ১৪.৩১% প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ২০,৭৯০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।
তৈরী পোশাক খাতের (নিট) রফতানির লক্ষ্যমাত্রা ১২.০১% প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ২৩,৭০০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।
হোম-টেক্সটাইল খাতের রফতানির বিশ্ববাজার আকৃতি, প্রবৃদ্ধি এবং আমাদের সক্ষমতার প্রেক্ষাপটের আলোকে প্রবৃদ্ধি ১৭.০৩% ধরে ১,০২০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত লেদার ও লেদার গুডসের রফতানি লক্ষ্যমাত্রা ২০২৪-২৫ অর্থবছরে ০৯.১৬% প্রবৃদ্ধি ধরে ১,২৫০.০০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্ববাজার পরিস্থিতি, রফতানি প্রবৃদ্ধি এবং এ খাতের সক্ষমতার বিষয়টি বিবেচনাপূর্বক তিনি ৩০% প্রবৃদ্ধি ধরে এ খাতের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে এ খাতের প্রতিনিধি প্রস্তাব করেন।
হিমায়িত ও জীবন্ত মাছের রফতানির লক্ষ্যমাত্রা ২২.০৬% প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ৫৩৯ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এ খাতের নীতিগত সহায়তা, ভেনামি চিংড়ির হ্যাচারির লাইসেন্স প্রদান ও কোয়ারেন্টিন সুবিধা বাড়ানোর বিষয়ে সরকারের যথাযথ সহায়তা এবং সহযোগিতা পেলে প্রস্তাবিত হারের চেয়েও বেশি রফতানি প্রবৃদ্ধি অর্জন করার বিষয়ে এ খাতের প্রতিনিধি আশাবাদ ব্যক্ত করেন।
পাট ও পাট পণ্যের রফতানি লক্ষ্যমাত্রার ৯.৭৩% প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ৯০০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। পণ্যের গুণগত মান যাচাই করার জন্য ল্যাব টেস্টিং ওপর গুরুত্বারোপ এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) সক্ষমতা বৃদ্ধির বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হলে এ খাতে একটি টেকসই পণ্য রফতানিকারক দেশ হিসেবে আবির্ভূত হবে।
কৃষি পণ্যের লক্ষ্যমাত্রা ২২.৪৩% প্রবৃদ্ধি ধরে ১২১০.৪০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। কার্গো বিমান, বিমান বন্দরে কুলিং সিস্টেম এবং ইডিএস মেশিনের বিষয়াদি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বারোপ করে অবকাঠামো উন্নয়ন করা সম্ভব হলে রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে মর্মে এ খাতের প্রতিনিধিরা উল্লেখ করেন।


