চলে গেলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম

চলে গেলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম

পাথেয় রিপোর্ট : সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মাওলানা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১১ নভেম্বর রোববার ভোরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মাওলানা নুরুল ইসলাম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানান সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা।
ছানোয়ার হোসেন বাদশা বলেন, মাওলানা সাহেব বেশ অনেকদিন ধরেই নানা রোগে ভূগছিলেন। অবশেষে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এসময় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ একজন অভিভাবককে হারাল বলেও মন্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।

তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এরশাদ সরকারের সময় জাতীয় পার্টি থেকে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারকে পরাজিত করে সরিষাবাড়ী থেকে এমপি নির্বাচিত হন। ওই সময় তিনি আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন।

মাওলানা নুরুল ইসলাম ৩ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি সরিষাবাড়ী উপজেলার পাখিমারা গ্রামে।

আজ দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নেয়া হবে সরিষাবাড়ীতে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, রেজাউল করিম হীরা এমপি, আবুল কালাম আজাদ এমপি, ফরিদুল হকখান দুলাল এমপি, মামুনুর রশিদ জোর্য়াদার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ফরিদুল হক তালুকদার শামীম ও সাধারন সম্পাদক ওয়ারেছ আলী মামুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *