পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের আকাশে দেখা গেছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের চাঁদ। সে হিসাবে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) থেকে রোজা শুরু হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও চাঁদ দেখা কমিটির সদস্য মো. নুরুল ইসলাম।
প্রতিবছরই ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় মাহে রমজান। রোযা রাখেন মুসলিমরা। মসজিদে মসজিদে পড়া হয় তারাবির নামাজ। তবে এবছর করোনাভাইরাসের কারণে বাইরে বের হওয়াতে নিষেধাজ্ঞা রয়েছে। মসজিদে তারাবির নামাজে ১০ জনের বেশি অংশ না নেয়ার নির্দেশনা দিয়েছে সরকার।
আজ রাতে ঘরে বসেই তারাবির নামাজ পড়বেন মুসল্লিরা, আর রোজা রাখতে শেষ রাতে খাবেন সেহরি। ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় রাত ৪টা ৫ মিনিট। প্রথম রোজার ইফতারের সময় ৬টা ২৮ মিনিট।
এবছর ২৯ দিনেই শেষ হলো শাবান মাস। চাঁদ দেখা কমিটির সভায় সচিব মো. নুরুল ইসলাম জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রমজান মাস শুরু হচ্ছে।


