চাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রচারণা শুরু

চাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রচারণা শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল ও হোস্টেল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সাথে প্রার্থীদের খসড়া ব্যালট নাম্বারও প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী চাকসু নির্বাচনে মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে ৪৭ জন ছাত্রী রয়েছেন। এ ছাড়া হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯২ জন। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীরই ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ দিকে ব্যালট নাম্বার পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। ফলে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় এখন সরগরম চবি ক্যাম্পাস। যার উত্তাপ ছড়িয়ে পড়েছে শাটল ট্রেন এবং চট্টগ্রাম শহরেও।

চাকসুর প্রধান তিনটি পদের প্রত্যেকটিতে বিশের অধিক প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। এ ছাড়া সম্পাদকীয় পদগুলোতেও প্রতিটিতে দশের বেশি প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ইঙ্গিত দেখা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী চাকসু ও হল সংসদে চূড়ান্ত প্রার্থী আছেন ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন লড়ছেন। হল সংসদে নির্বাচন করছেন ৪৯২ জন। খসড়া ভোটার ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

চাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) ২২ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সম্পাদকীয় পদগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জনসহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১৪ জন, ছাত্রীকল্যাণ সম্পাদক পদে ১৩ জন, সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক পদে ১০ জন, দফতর সম্পাদক পদে ১৭ জন, সহ-দফতর সম্পাদক পদে ১৪ জন, আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৯ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ২০ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭ জন, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ১৫ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ২০ জন ও নির্বাহী সদস্যের ৫টি পদে ৮৫ জন প্রার্থী রয়েছেন।

চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রার্থী তালিকায় প্রকাশিত প্রার্থীদের বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ নির্বাচন কমিশনের নিকট জমা পড়েনি। সেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে উক্ত প্রার্থী তালিকাকে চূড়ান্ত তালিকা হিসেবে ঘোষণা করা হলো। তবে কিছু প্রার্থীর নামের শেষে ডাকনাম সংযোজনের কাজ চলছে, যা তাদের সিরিয়াল নম্বরে কোনো প্রভাব ফেলবে না।

এ ছাড়া প্রার্থী তালিকায় প্রদত্ত ব্যালট নম্বর (খসড়া) বাংলা বর্ণমালার ক্রমানুসারে নির্ধারিত হয়েছে। যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপিত হয়নি, তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যালট নম্বরকেও চূড়ান্ত হিসেবে গণ্য করা হলো। তিনি জানান, চাকসু নির্বাচনে মোট ৪১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে ৪৭ জন ছাত্রী (মহিলা প্রার্থী) রয়েছেন। প্রার্থী তালিকা এবং ব্যালট নম্বর চূড়ান্ত হওয়ায় আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন বলেও তিনি জানান।

ডোপ টেস্ট রিপোর্ট ভিসির নিকট হস্তান্তর : এ দিকে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট গতকাল বৃহস্পতিবার বিকেলে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের নিকট হস্তান্তর করেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক ও চবি প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চবি প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

নির্বাচনে প্রার্থীদের মধ্যে মোট ৯৩৬ জন ডোপ টেস্টের জন্য নমুনা প্রদান করেন। নমুনা প্রদানকারী সব প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবি চিফ মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা: মোহাম্মদ আবু তৈয়ব।

সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এর পর পরই ভোট গণনা শুরু হবে।

নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতা চান ভিসি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলাবিষয়ক সমন্বয় সভা গতকাল বৃহস্পতিবার সকালে ভিসির দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সভায় চবি প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

চবি ভিসি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে অত্যন্ত সফলভাবে একটি জাঁকজমকপূর্ণ সমাবর্তন আয়োজন করেছি। এরপর আমাদের অগ্রাধিকারের বিষয় ছিল চাকসু নির্বাচন। আশা করি এটাও সফলভাবে সম্পন্ন হবে। তবে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সফলভাবে চাকসু নির্বাচন সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। এতে আমরা সবাই নতুন ইতিহাসের স্বাক্ষী হবো। আমি সবার একান্ত সহযোগিতা কামনা করছি।

প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন বলেন, চাকসু নির্বাচন আমাদের কাছে জাতীয় নির্বাচনের মতোই। এ জন্য এটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছি। তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ হলগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত টহল দেয়া এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হল প্রভোস্ট ও নিরাপত্তা দফতরসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান সব শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দু চাকসু নির্বাচন। আমরা চাই শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। আমরা ইতোমধ্যে নির্বাচনের আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে সভা করেছি। শিক্ষার্থীদের থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আশা করি, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

চাকসু নির্বাচন কমিশনার ও সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার চাইলাউ মারমা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: সিরাজুল ইসলাম, র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের এসপি মো: সাইফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটিএসবির ডিসি মো: গোলাম রুহুল কুদ্দুস, চট্টগ্রাম জেলা পিবিআইর সহকারী পুলিশ সুপার আবু জাফর মো: ওমর ফারুক, চট্টগ্রাম জিআরপির সহকারী পুলিশ সুপার মো: রিজওয়ান সাঈদ জিকু, চট্টগ্রাম ডিজিএফআইর উপপরিচালক মোস্তাক আহম্মেদ ও সহকারী পরিচালক পারভেজ আলম, ডিএসবি চট্টগ্রামের ইনস্পেক্টর ডিআইও-১ মো: নজরুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, এনএসআই চট্টগ্রামের উপপরিচালক মো: আনোয়ার হোসেন মনির, হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বক্তব্যের মাধ্যমে তাদের বিভিন্ন মতামত পেশ করেন। এর আগে প্রফেসর ড. আরিফুল হক সিদ্দিকী নির্বাচনের বিস্তারিত তথ্য সবার সামনে উপস্থাপন করেন। পরে চবি প্রক্টরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয় নিরাপত্তাসংক্রান্ত যাবতীয় বিষয় এবং কোন কোন স্পটে কতজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন, সেসব তথ্য পেশ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর নির্বাচন কমিশনার প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, গোলাম হোসেন হাবিব, প্রফেসর ড. রুমানা আক্তার, ড. মো: আনোয়ার হোসেন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, বিভিন্ন দফতরের প্রশাসক এবং চাকসু নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Articles