৩ দিন পিছিয়ে চাকসু নির্বাচন ১৫ অক্টোবর

৩ দিন পিছিয়ে চাকসু নির্বাচন ১৫ অক্টোবর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন তিন দিন পিছিয়ে আগামী ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া নির্বাচনী প্রচারণার সুবিধার্থে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে। নির্বাচনের পরদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার বিকেলে চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এসব তথ্য জানান। তিনি জানান, ১২ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও এর আগে পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারণার জন্য মাত্র পাঁচ কার্যদিবস সময় পেতেন। গত সোমবার প্রার্থী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এ বিষয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন।

তিনি জানান, বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করেছি। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়। পরে গতকাল মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় গতকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারিত থাকলেও তা আজ বুধবার বিকেল পর্যন্ত বাড়ানো হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং অভিযোগ নিষ্পত্তির তারিখ ঠিক থাকবে। গতকাল সাতজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন বলেও তিনি জানান।

সংশোধিত তফসিল অনুযায়ী আজ বুধবার প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। আগামীকাল বৃহস্পতিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় ২৭ হাজার ভোটার ওই দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ছাত্রশিবিরের প্রতিক্রিয়া : চাকসু নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী বলেন, প্রথমত পূজার বন্ধ এবং বিসিএস পরীক্ষার শিডিউল আগে থেকেই ছিল, কিন্তু নির্বাচন কমিশন কেন আগেই ১৫ তারিখ ডেট না দিয়ে ১২ তারিখ দিয়েছে।

পাশাপাশি রাকসু পেছানোর পর পরই চাকসু পেছানো কি একই সূত্রে গাঁথা কি না? সেই আশঙ্কা থেকেই যাচ্ছে।

এ ছাড়াও অনেকগুলো বিভাগ ইতোমধ্যেই পরীক্ষা রিশিডিউল করেছে যেগুলো আবার পেছাতে হবে।

Related Articles