চার সন্তানের বিরুদ্ধে বৃদ্ধ পিতার মামলা

চার সন্তানের বিরুদ্ধে বৃদ্ধ পিতার মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সন্তানদের অবহেলা ও অবিচারে পুলিশ থেকে অবসরে আসা এক বৃদ্ধ অসহায় বাবা টানা চারদিন রাত কাটান গাছ তলায়। অনাহারে দিন কাটানোর ফলে অসুস্থ হয়ে পড়েন। জীবন বাঁচাতে ওই বাবা স্বেচ্ছায় কোন বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য নিজ উপজেলা সমাজসেবার কার্যালয়ে যান। পরে সমাজসেবা কর্মকর্তা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে ঢাকা ধামরাই উপজেলাতে।

পরে ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা তাকে সুস্থ করতে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে চিকিৎসা করান। সে সুস্থ হয়ে উঠলে তার মুখে বিস্তারিত জেনে ভরণপোষণ না করায় তার তিন ছেলে ও এক মেয়েকে আসামি করে বৃহস্পতিবার ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ রাতেই সাভার থেকে আতিক নামে তার এক ছেলেকে গ্রেফতার করে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মান্নান (৮৬) গত চার দিন ধরে ঝড়-বৃষ্টির মধ্যেও বিভিন্ন গাছতলায় রাত্রি যাপন করেন। পরে উপজেলা সমাজসেবা অফিসে যান। তিনি জানান তার বড় ছেলে মশিউর রহমান টুটুল ব্যাংকার। মেঝ ছেলে আতিকুর রহমান চাকরি করেন। থাকেন সাভারে। ছোট ছেলে বেনজীর (৩৮) চাকরি করেন এবং মেয়ে রুবি শ্বশুর বাড়ি থাকেন। তার তিন ছেলে এক মেয়ে কেউ তার খোঁজ নিচ্ছে না। তার কোন ধন সম্পদ নেই বলে সন্তানরা তাকে ঘরে তুলেন না।

ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি জানান, সারা জীবন পুলিশে চাকরি করে সন্তানদের বড় করে মানুষ করেছেন আব্দুল মান্নান। ছেলে মেয়েদের শিক্ষিত করতে সহায় সম্বল সব হারিয়েছেন। এখন সন্তানরা কেউ তাকে দেখেন না। তাই ভরণপোষণ আইনে মামলা দায়ের করেন সন্তানদের বিরুদ্ধে।

এসময় তিনি আরও জানান, ধামরাইয়ে কোন সন্তান যেন বৃদ্ধ ও অসুস্থ বাবা মাকে কষ্ট না দেন। যদি বাবা মাকে কষ্ট দেয়ার সংবাদ পাই তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *