চীনে উইঘুরদের রাষ্ট্রীয় নিপীড়নের কড়া সমালোচনা ফ্রান্সের
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে নির্যাতন করা হছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ ওয়াইভেস লে ড্রায়ান। গত বুধবার তিনি উইঘুর নির্যাতনের বিষয়ে মুখ খোলেন।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোর এক প্রতিবেদনে জানিয়েছে, জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভিডিও লিংকে বক্তব্য দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।
সেখানে তিনি বলেছেন- চীনের জিনজিয়াং থেকে প্রাপ্ত সাক্ষী এবং নথিগুলো উইঘুর সম্প্রদায়ের প্রতি অযৌক্তিক আচরণ এবং তাদের ওপর বড় ধরনের নজরদারি ও প্রাতিষ্ঠানিকভাবে দমনের বিষয়টির ইঙ্গিত দিয়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর বিশ্বাস, অন্তত ১০ লাখ উইঘুর মুসলমান এবং অন্য তুর্কি-মুসলমান সংখ্যালঘুদের চীনের পশ্চিমাঞ্চল জিনজিয়াংয়ে বন্দিশালায় আটকে রাখা আছে।
রাশিয়ার বিরোধীদলীয় অন্যতম মুখ অ্যালেক্সি নাভালনিকে হত্যাচেষ্টার ব্যাপারেও কথা বলেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। তাকে হত্যাচেষ্টার জন্য ক্রেমলিনকে অভিযুক্ত করা হয়েছে।।
বেলারুশে গণতন্ত্রের জন্য আন্দোলন, সিরিয়া ও ইয়েমেনের চলমান দ্বন্দ্ব এবং মিয়ানমারের সামরিক অভ্যুত্থান নিয়েও কথা বলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।
জানা গেছে, ইরানের মানবাধিকার আইনজীবী নাসরিন সতৌদেহ-এর পরিণতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ ওয়াইভেস লে ড্রায়ান। ইরানি নারীদের হিজাব পরার প্রয়োজনীয়তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গ্রেপ্তার হওয়া এক নারীর হয়ে লড়ার পর ২০১৮ সালে তাকে আটক করা হয়েছিল।
সূত্র : এএফপি, ফ্রান্স টোয়েন্টিফোর


