পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পূর্ব এশিয়ার চীন রাষ্ট্রে ৫১ কোটি ৮০ লাখ বছর আগের পোকার জীবাশ্ম আবিষ্কার হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, চীনের একটি নদীর পাড়ে তারা হাজার হাজার জীবাশ্ম আবিষ্কার করেছেন। এই জীবাশ্মগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। কারণ উল্লেখ করে তারা বলেন, এই প্রাণীগুলোর দেহের কোমল কোষ, যেমন ত্বক, চোখ বা দেহের অন্য অঙ্গপ্রত্যঙ্গগুলো এত বছর পরও সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে। বিবিসি।
জীবাশ্ম বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার একেবারে মাথা ঘুরিয়ে দেয়ার মতো। কারণ এদের অর্ধেকেরও বেশি প্রজাতি অনাবিষ্কৃত ছিল। এই জীবাশ্মগুলোর নাম দেয়া হয়েছে ‘চিঙজিয়াং বাইওটা’।
চীনের হুবেই প্রদেশের ডানশুয়ে নদীর তীরে এগুলোকে খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা সেখান থেকে এ পর্যন্ত ২০ হাজার নমুনা সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৩৫১টি নমুনা বিশ্লেষণ করা হয়েছে। নমুনাগুলোর মধ্যে রয়েছে নানা রকম পোকা, জেলিফিশ, সি অ্যানেমোনে এবং শ্যাওলা।
জানা যায়, চীনের নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিংলিয়াং ঝ্যাং, যিনি এই বিষয়ে একটি গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, প্রাণীর উদ্ভবের গোড়ার দিক সম্পর্কে গবেষণায় এই জীবাশ্মগুলো গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করবে। এই আবিষ্কারটি বিশেষভাবে বিস্ময়কর এ জন্য যে নরম দেহের যেসব প্রাণী সেগুলো সাধারণত জীবাশ্মতে পরিণত হয় না। সম্ভবত কোনো ঝড়ের ধাক্কায় প্রাণীগুলো দ্রুত নদীতে পলির নিচে চাপা পড়ে যায় বলে অধ্যাপক ঝ্যাং জানান। নমুনাগুলো বিশ্লেষণ করে জীবাশ্মবিজ্ঞানী অ্যালিসন ডেলি বলছেন, জীবাশ্ম বিজ্ঞানে গত ১০০ বছরের মধ্যে এতবড় আবিষ্কার আর হয়নি।


