চেয়ারে আইনজীবীর মরদেহ, পাশে যাচ্ছে না কেউ

চেয়ারে আইনজীবীর মরদেহ, পাশে যাচ্ছে না কেউ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহীতে চেয়ার বসা অবস্থায় কৃষ্ণ কমল দত্ত (৮৫) নামে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মহানগরীর কুমারপাড়া কালী মাতার মন্দির সংলগ্ন নিজ বাড়িতে চেয়ারে নিস্তেজ হয়ে আছেন তিনি।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারে নিস্তেজ শরীরে তাকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন- এমন আশঙ্কা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত থেকে কেউ তার কাছে যাননি। স্থানীয়রা থানায় খবর দিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একা বসবাস করছেন আইনজীবী কৃষ্ণ কমল দত্ত। মনোমালিন্যের কারণে তার স্ত্রী বাবার বাড়িতে বসবাস করেন। তাদের সংসারে কোনো সন্তানও নেই।

স্থানীয়রা আরও জানিয়েছেন- হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান চিকিৎসার আশায় ভর্তির জন্য। সেখান থেকে তাকে পাঠানো হয় খ্রিষ্টান মিশন হাসপাতালে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসাসহ কিছু ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে।

এদিকে, শেষ খবর পাওয়া পযন্ত, কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দল খবর পেয়ে তার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কৃষ্ণকুমারের দেহটি সৎকার করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, তারা খবরটি পেয়েছেন। খবর পাওয়ার পর পরই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *