চোর জালে আটকেও পেলেন পুলিশের সহায়তা

চোর জালে আটকেও পেলেন পুলিশের সহায়তা

চোর জালে আটকেও পেলেন পুলিশের সহায়তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুনতে অন্য রকম লাগতে পারে। কিন্তু ওটাই সত্য। পুলিশের কাজ অপরাধীদের পাকড়াও করা। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সমারসেট শহরের পুলিশ কর্মকর্তা ম্যাট লিমাও ‘চোর’ ধরেছিলেন। কিন্তু তাঁদের শাস্তির ব্যবস্থা না করে উল্টো সহায়তা করলেন।

ঘটনা গত ২০ ডিসেম্বরের। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজ গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, সমারসেট শহরে ‘স্টপ অ্যান্ড শপ’ নামের একটি সুপারশপে দুই শিশুকে নিয়ে কেনাকাটা করতে যান দুই নারী। কেনাকাটা শেষে তাঁরা সব পণ্যের মূল্য পরিশোধ না করে দোকান ত্যাগ করতে গেলে তাঁদের আটকান নিরাপত্তাকর্মীরা। দোকানের তাকে রাখা পণ্য টুকিয়ে নেওয়ার তথ্য জানিয়ে নিরাপত্তাকর্মীরা পুলিশ ডাকেন।

যথারীতি হাজির হন পুলিশ কর্মকর্তা ম্যাট লিমা। তিনি তখন এক নারীকে পাশে নিয়ে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে চান। দুই শিশুসহ অন্য নারী তখনো নিরাপত্তাকর্মীদের হেফাজতে। কথা বলে ওই পুলিশ কর্মকর্তা জানতে পারেন, শিশুদের জন্য আসন্ন বড়দিনের রাতের খাবার কিনে দেওয়ার মতো অর্থ নেই তাঁদের। তাই শিশুদের মুখে খাবার তুলে দিতেই চুরি করতে বাধ্য হয়েছেন।

ম্যাট লিমা স্থানীয় সম্প্রচারমাধ্যম ডব্লিউজেএআরকে বলেন, ‘ওই নারীর সঙ্গে কথা বলে জানতে পারি, তিনি কাজ করেন। কিন্তু ওই শিশু দুটির মা বেকার। পরিবারের অন্যান্য ঝামেলাও রয়েছে। সেই কারণে শিশুদের জন্য বড়দিনের খাবার কেনার সামর্থ্য ছিল না তাঁর। তাঁরা যেসব পণ্য চুরির চেষ্টা করেন, সেগুলোর সবই খাবার পণ্য। তাই তাঁদের বিরুদ্ধে অভিযোগ না করার সিদ্ধান্ত তিনি নেন।

ম্যাট লিমা আরও বলেন, ‘শিশু দুটির মুখের দিকে তাকিয়ে আমার সন্তানদের কথা মনে পড়ে যায়। আর সেই কারণেই আমি তাঁদের সাহায্য করার সিদ্ধান্ত নিই।’

সবকিছু বিবেচনায় নিয়ে ওই পুলিশ কর্মকর্তা অভিযুক্ত নারীদের বাড়ি ফেরার অনুমতি দেন এবং দোকান থেকে ২৫০ মার্কিন ডলারের উপহার কার্ড কিনে দেন, যাতে তাঁরা স্টপ অ্যান্ড শপের অন্য কোনো দোকান থেকে শিশুদের জন্য বড়দিনের খাবার কিনতে পারেন। ওই পুলিশ কর্মকর্তা বলেন, এই কাজের জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ঘটনায় তাঁরা বিস্মিত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *