নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ ছাত্রলীগের ‘মেয়াদোত্তীর্ণ’ কমিটির সম্মেলনের দাবিতে কেন্দ্রীয় নেতাদের একটি অংশ বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছে।
সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গেলে ওবায়দুল কাদের নেতাদের একসঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, ছাত্রলীগের সম্মেলন একটি চলমান প্রক্রিয়া। সম্মেলন হবে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেদী হাসান, আরেফিন সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক গোলাম রব্বানী ধানমন্ডিতে যান। আগের দিন তাঁরা নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করেছিলেন। কারণ হিসেবে বলেছিলেন, আওয়ামী লীগের ‘হাইকমান্ড’ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের বক্তব্য নেত্রীর কাছে পৌঁছাবেন।
ছাত্রলীগ নেতারা জানান, তাঁদের সঙ্গে প্রথমে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের বৈঠক হয়। বৈঠকে তাঁরা ছাত্রলীগের নেতাদের বক্তব্য শুনে বলেন, ছাত্রলীগকে গতিশীল করতে যা করার দরকার, তাঁরা সেটা করবেন। আর ছাত্রলীগের সম্মেলনের প্রক্রিয়াও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
পরে ওবায়দুল কাদেরের সঙ্গে নেতারা দেখা করতে যান। সেখানে অল্প সময় নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের কথা হয়। এ সময় তিনি সবার সঙ্গে একত্র হয়ে ছাত্রলীগের কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, ছাত্রলীগের সম্মেলনের প্রক্রিয়া চলছে।
জানতে চাইলে রাতে সায়েম খান বলেন, ‘নেতৃবৃন্দের কথাতে আমরা মোটামুটি সন্তুষ্ট। আমরাও সংগঠনকে গতিশীল দেখতে চাই। নেতৃত্বের স্থবিরতা দেখতে চাই না। তাঁরাও ছাত্রলীগকে গতিশীল করতে যা করার, তা করবেন বলে নিশ্চিত করেছেন।’


