ছাত্রলীগ নেতাকে হত্যা; বন্দুকযুদ্ধে নিহত শিবিরকর্মী

ছাত্রলীগ নেতাকে হত্যা; বন্দুকযুদ্ধে নিহত শিবিরকর্মী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নোয়াখালীর বেগমগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী মো. নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে উপজেলার আমানুল্যাপুর ইউনিয়নের জনকল্যাণ হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত নজরুল ইসলাম ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন। এর বাইরেও তার বিরুদ্ধে আরও দু’টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে রোববার রাতে উপজেলার আমানুল্যাপুর ইউনিয়নের পলোয়ান পুল বাজারে ছাত্র শিবিরের হামলায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ আট/নয়জন গুরুতর আহত হন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিব। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শিবিরের চার নেতা-কর্মী গ্রেফতার করেছে। নিহত রাকিবুলের মা বাদী হয়ে ২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বন্দুকযুদ্ধে নিহত নজরুল ওই মামলার ২ নম্বর আসামি ছিলেন।

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, রাকিবের মায়ের দায়ের করা মামলার আসামিদের ধরতে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আমানুল্যাপুর ইউনিয়নের জনকল্যাণ মাঠে শিবির ক্যাডার নজরুল ইসলাম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে শিবির ক্যাডাররা পিছু হঠলে, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বন্দুকযুদ্ধে পুলিশের ৬ সদস্য আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *