ছুটির দিনে অফিস করলেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি

ছুটির দিনে অফিস করলেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি

পাথেয় রিপোর্ট : তিন দিনের ছুটি কাটিয়ে শুক্রবার (২১ জুন) ছুটির দিনে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কার্যালয়ে অফিস করলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।

গত কয়েকদিন তার অপসারণের দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ ও আন্দোলনে সোচ্চার থাকলেও শুক্রবার তারা ছিলেন নীরব ও শান্ত। গতকালই তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চলমান পরিস্থিতির সমাধান হতে যাচ্ছে। শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরদের সভা হবে। এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের ভাগ্য নির্ধারিত হবে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থজনিত কারণ দেখিয়ে ইফা মহাপরিচালককে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হবে। তার স্থলে ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। মূলত সামীম মোহাম্মদ আফজালকে সম্মানজনকভাবে বিদায় জানাতে ছুটির দিনে অফিসে আসার সুযোগ দেয়া হয়।

শুক্রবার রাত সাড়ে ৮টায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর কাছে, ছুটির দিনে ইফা মহাপরিচালকের অফিস করা ও ইসলামিক ফাউন্ডেশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হোক, তা কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করছি। সামীম মোহাম্মদ আফজাল এখনও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। তিনি তিন দিনের ছুটি কাটিয়ে আজ অফিসে আসেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের মিটিং রয়েছে। আশা করি, চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *