নিজস্ব প্রতিবেদক ● জঙ্গিবাদসহ সবধরনের সন্ত্রাসবাদের মোকাবেলায় দেশ-বিদেশের শীর্ষ আলেমদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, শোলাকিয়ায় আমাকে লক্ষ্য করে যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছিল তা ছিল একটি ভয়াবহ নিন্দনীয় ঘটনা। লাখো লাখো মুসলমানের শান্তিপ্রিয় ঈদের জামাতে বিঘ্নসৃষ্টির পাঁয়তারা ছিল দেশের বিরুদ্ধে অনেক বড় চক্রান্ত। আল্লাহর মেহেরবানীতে তাদের সব চক্রান্ত নস্যাত হয়েছে।
শোলাকিয়ায় নিহত পুলিশদের রূহের মাগফেরাত কামনা করে আল্লামা মাসঊদ বলেন, শোলাকিয়ায় পুলিশ ভাইয়েরা যে অবদান রেখেছিলেন তা স্মরণীয় হয়ে থাকবে। যেহেতু ধর্মের নামে জঙ্গিবাদ ছড়াচ্ছে- তাই আলেমদের এগিয়ে আসতে হবে। দেশের আলেমগণ সোচ্চার হলে দেশের সমৃদ্ধিতে তারা অবদান রাখতে পারবেন।
শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার একবছর পূর্তি উপলক্ষে রাজধানীর খিলগাঁও ইকরা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় শুক্রবার দুপুরে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
বাংলাদেশ জমিয়তুল উলামার সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহীম কাসেমী বলেন, একজন আলেমের উপর সন্ত্রাসী ও জঙ্গি হামলার কারণেই প্রমাণিত হয় জঙ্গিরা ইসলামের জন্য কাজ করছে না।
জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের অবস্থানকে সাহসি উচ্চারণ করে ঢাকা বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্না বলেন, পুলিশ প্রথমত সোচ্চার বলেই জঙ্গিবাদ কমছে। শোলাকিয়ায় পুলিশের অবস্থান ছিল সাহসি।


