জনগণের করের টাকাই উন্নয়নের মূল চালিকা শক্তি : আইনমন্ত্রী

জনগণের করের টাকাই উন্নয়নের মূল চালিকা শক্তি : আইনমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আয়কর প্রদানের মাধ্যমে রাজস্ব বাড়িয়ে দেশের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, জনগণের করের টাকাই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি, যা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়। জনগণ যত বেশি আয়কর দিবে, বাংলাদেশ তত বেশি এগিয়ে যাবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সম্মেলন কক্ষে জাতীয় আয়কর দিবস-২০২১ উপলক্ষ্যে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আয়করের ভূমিকা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের কাছ থেকে সংগৃহীত করের টাকা ব্যয়ের ব্যাপারে আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। জনগণের করের টাকার যেন কোনো অপচয় বা অপব্যবহার না হয় এবং করের টাকার যাতে সর্বোত্তম ব্যবহার হয় তা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরো বলেন, সরকারের উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় রাজস্ব জোগানে জাতীয় রাজস্ব বোর্ড ক্রমবর্ধমান ও আশাব্যঞ্জক অবদান রেখে চলেছে। দেশে টিআইএনধারীর সংখ্যা এখন ৭০ লক্ষ অতিক্রম করেছে। জাতীয় রাজস্ব বোর্ড দেশের ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন নীতি সহায়তা প্রদান করে যাচ্ছে।

এছাড়া কর দাতাদের জন্য হয়রানিমুক্ত ও সহজ কর সেবা নিশ্চিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ই-রিটার্ন, ই-টিডিএস সেবা ইত্যাদি চালু করেছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *