‘জমিয়ত সবসময় নির্যাতিত মানুষের পাশে আছে’
পাথেয় টোয়েন্টিফোর ডটকম (আহেমদাবাদ) : কর্ণাটকের শের খ্যাত প্রসিদ্ধ আলেমে দ্বীন মাওলানা আনযার শাহ সম্প্রতি ৬ দিনের ছফরে গুজরাটে আছেন। সেখানে তিনি বিভিন্ন মাদরাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে বয়ান পেশ করছেন। তার আগমন উপলক্ষে পরিদর্শনরত প্রায় প্রতিটি মাদরাসাতেই ছাত্রদের নসীহতের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ভারতের আহমেদাবাদ সফরে সোমবার (১৪ জানুয়ারি) জমিয়তে উলামা আহমেদাবাদ তাকে সংবর্ধনা জানিয়ে জমিয়তের দফতরে একটি বিশেষ সভার আয়োজন করেন। জমিয়তে উলামা আহমেদাবাদের সভাপতি এবং প্রসিদ্ধ গ্রন্থ ’গেয়ারাহ সাল সলাখা কে পিছে’ এর লেখক মাওলানা মুফতি আব্দুল কাইয়ূম সংবর্ধনায় মাওলানা আনযার শাহকে শুভেচ্ছা জানান এবং তাদের সৌভাগ্য বলে উল্লেখ করেন।
পরে এ দুই হজরত তাদের দীর্ঘ আলাপে দেশের বর্তমান চলমান আবস্থা, অবাধে মিথ্যে ধরপাকড় এবং নির্যাতিতদের সাহায্যের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। এসময় শাহে মিল্লাত জমিয়তের কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, জমিয়ত সবসময় ভারতীয় মুসলিমদের জন্য সর্বপ্রকার সাহায্য করে এসেছে। ভারতীয় মুসলিমদের পাশে প্রতিটি সঙ্কটেই সবার আগে দাঁড়িয়েছে জমিয়তে উলামা হিন্দ। বিশেষ করে, বিনা অপরাধে নির্যাতিত ব্যক্তিদের আইনি সাহায্যের মাধ্যমে জমিয়ত মানবতার সবচেয়ে বড় উদহারণ স্থাপন করেছে বারবার। কারণ কয়েদী এমন এক ব্যক্তি যার চিৎকার কারাগারের চার দেয়ালের ভেতর থেকেই ফিরে আসে।
এসময় মুফতি আব্দুল কাইয়ূম ও শাহে মিল্লাত মাওলানা আনযার শাহের দ্বীনি খেদমতের কথা উল্লেখ করে তার শুকরিয়া জ্ঞাপন করেন, তার জন্য দুয়া করেন এবং বলেন, আল্লাহ হযরতকে বিশেষ এক মর্যাদায় উন্নীত করেছেন।
পরে শাহে মিল্লাত জমিয়তে উলামা আহমেদাবাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের নানাবিধ সামাজিক প্রকল্প সম্পর্কে জেনে খুশি প্রকাশ করেন।
প্রসঙ্গত, জমিয়তে উলামা হিন্দ সবসময় ভারতীয় মুসলমানদের অধিকার নিয়ে কাজ করে থাকে। প্রতিটি রাজ্যেই রযেছে তাদের সমান বিস্তৃতি। অরাজনৈতিকভাবে মুসলমানদের নেতৃত্বদানের ক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করে চলেছে। আওলাদে রাসূল সাইয়্যিদ আরশাদ মাদানী, মাওলানা কারী উসমান মনসুরপুরী ও সাইয়্যিদ মাহমুদ মাদানীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ। সম্প্রতি মুসলমানদের নাগরিকত্ব সনদ, তিন তালাক বিল, বাবরি মসজিদ ইস্যুসহ আরও নানা প্রয়োজনে কথা বলছে, ভূমিকা রাখছে এই জমিয়ত। ভারতে বাংলাদেশের বন্দী শিক্ষার্থীদের পাশেও দাঁড়িয়েছিলো এই মাহমুদ মাদানীর জমিয়ত।
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
তথ্যসূত্র : আসরে-হাযির ইসলামি পোর্টাল


