‘জয় শ্রীরাম’ না বলায় গুজরাটে ৩ মুসলিম তরুণকে পিটুনি

‘জয় শ্রীরাম’ না বলায় গুজরাটে ৩ মুসলিম তরুণকে পিটুনি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য বিজেপিশাসিত গুজরাটে ‘জয় শ্রীরাম’ না বলায় ৩ মুসলিম তরুণকে মারধর করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে অজ্ঞাত ছয় দুর্বৃত্ত মুসলিম তরুণদের মারধর করে।

গণমাধ্যমে প্রকাশ, মোটর বাইকে করে কমপক্ষে ছয় দুর্বৃত্ত গোধরা এলাকার তিন মুসলিম তরুণকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। ওই তরুণরা ধর্মীয় স্লোগান না দিতে চাওয়ায়, দুর্বৃত্তরা তাদের উপরে হামলা চালায়। ওই ঘটনায় সমীর সিদ্দিকি, সালমন ঘিতেলি ও সোহেল ভগত নামে তিন মুসলিম তরুণ গুরুতরভাবে আহত হয়। পরিবারের অভিযোগ, তাদেরকে হত্যার হুমকিও দেয় ওই দুর্বৃত্তরা। তিন তরুণকে বেধড়ক মারধর করাসহ একজনের কপালে চেইন দিয়ে আঘাত করা হয়। আক্রান্ত ওই তরুণদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে স্থানীয়রাই শহরের সিভিল হাসপাতালে ভর্তি করে।

পুলিশ কর্মকর্তা এইচসি রথভা বলেন, আক্রান্তরা কেউই এখন কথা বলার মতো অবস্থায় নেই। এরফলে বিষয়টি তাদের মুখ থেকে জানা যায়নি। পুলিশ ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেয়া নিয়ে বিবাদের কথা অস্বীকার করেছে।

এদিকে, আক্রান্তদের শনাক্ত করা গেলেও হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি। যদিও পুলিশ অজ্ঞাত ছয় দুর্বৃত্তের বিরুদ্ধেই মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *