জলজট নিয়ে ‘প্রমিজ ’ বাস্তবায়িত হোক

জলজট নিয়ে ‘প্রমিজ ’ বাস্তবায়িত হোক

মাসউদুল কাদির ● জলাবদ্ধতা প্রকা- এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যানজট থেকে জলজটে নাকাল এখন দেশের শহরগুলো। কোথাও কোথাও বন্যায় রূপ নিয়েছে। রাজধানীর অবস্থাতো খুবই করুণ। মনে হয় দুর্যোগ নেমে এসেছে। কোথাও কোমর পানি আবার কোথাও পুরো সিএনজিই ডুবে যায়। উল্টে যায় রিক্সাসহ মানুষেরা। এই করুণ অবস্থা থেকে উত্তরণের উপায় কী? আশার বাণি শুনিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ওয়াদা করে বলেছেন, আগামী বছর থেকে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না। মন্ত্রী বলেন, আমি প্রমিজ করছি, সামনের বছর থেকে আর এসব (জলাবদ্ধতা) দেখবেন না। কিছুদিনের মধ্যেই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’ মন্ত্রী বৃষ্টির কারণে বর্তমান জলাবদ্ধতাকে অস্বাভাবিক পরিস্থিত উল্লেখ করে বলেন, ‘এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব।

মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, একটি প্রতিবেদনের শিরোনাম ছিল ‘যানজটের ফাঁদে ঢাকা’। একই দিনে চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদনের শিরোনাম ছিল- ‘চট্টগ্রামের সড়কে নৌকাই ভরসা’। এতে বলা হয়, পাহাড়ি এ মনোরম শহরের প্রধান বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের স্থায়ী বাসিন্দা ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মীরা বর্ষাকালে যাতায়াতের জন্য গাড়ি নয়, নৌকার দ্বারস্থ হচ্ছে। প্রায় প্রতিদিন জলাবদ্ধতার কারণে বিকল্প যে নেই। শুধু আগ্রাবাদ নয়; প্রায় সর্বত্রই এ চিত্র। অন্য একটি দৈনিক শিরোনাম দিয়েছে- ‘স্মরণকালের জলজটে বিপর্যস্ত চট্টগ্রাম’। অথচ দু’বছর আগে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়ে বর্তমান মেয়রের প্রধান প্রতিশ্রুতি ছিল, ‘জলাবদ্ধতা দূর করবই।’ ঢাকাতেও বিভিন্ন এলাকায় বাড়িওয়ালাদের কাছে প্রত্যাশা ব্যক্ত হচ্ছে- গ্যারেজের সঙ্গে নৌকা রাখার ব্যবস্থাও চাই। কেন ঢাকায় এত যানজট? কেন সামান্য বৃষ্টিতেই ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে? এর কারণ সবার জানা।

বৃষ্টির পানি সরে যাওয়ার যেসব প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা ছিল, তার একটি অংশ বেদখল হয়েছে। ঢাকার চারপাশ দিয়ে বয়ে চলা চারটি নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। অপরিকল্পিতভাবে ঢাকা সম্প্রসারিত হলেও কেউ তাতে বাধা দিচ্ছে না। দুটি নগরেই জনসংখ্যার চাপ বেশি। দেশের নানা প্রান্ত থেকে চাকরি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবাথ কত প্রয়োজনেই না ছুটে আসছে নারী-পুরুষ! অথচ গণপরিবহন ব্যবস্থা বলে কিছু নেই। বিশেষজ্ঞরা বারবার বলছেন, রাজধানী ঢাকায় যানবাহনের গতি এতই শ্লথ হয়ে পড়েছে যে, অচিরে বড় ধরনের পদক্ষেপ নেওয়া না হলে গাড়ির গতির চেয়ে হাঁটার গতি বেশি হবে। সমস্যা সমাধানে অর্থ ব্যয়ও যে হচ্ছে না- সেটা বলা যাবে না। কিন্তু যানজট-জলজটে সবকিছু যেমন থেমে থাকে, তেমনি অনেক আকর্ষণীয় পরিকল্পনাও সামান্য গতি পায় না। কেউ কি এ পরিস্থিতির পরিবর্তন ঘটানোর দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারেন না?
আমাদের দাবি একটাইÑ স্থানীয় সরকার মন্ত্রী যে প্রমিজ করেছেন তা যথাসময়ে বাস্তবায়িত হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *