নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় দক্ষিণ এশীয় দেশগুলো একসাথে কাজ করবে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যেহেতু বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলো যথেষ্ট ঝুঁকির সম্মুখীন, তাই এসব ঝুঁকি কমানো এবং তা মোকাবেলায় প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য সম্প্রীতি বজায় রেখে সমন্বিতভাবে কাজ করতে হবে। রোববার সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি (এসসিসিআই) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) যৌথ আয়োজনে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘এ ক্লাইমেট রিজিলেইন্ট সাউথ এশিয়া : টার্নিং ক্লাইমেট স্মার্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইনটু রিয়েলিটি বিষয়ক এক সেমিনারে এসব কথা তুলে ধরা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এফবিসিসিআই সভাপতি জনাব মো: শফিউল ইসলাম (মহিউদ্দিন) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসিসিআই সভাপতি রুয়ান এডিরিসিংহে, এসসিসিআই-বাংলাদেশ-এর সহ-সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ইফতেখার আলি মালিক এবং সহ-সভাপতি নেপাল এর চান্দি রাজ ধাকাল, এফবিসিসিআই সহ-সভাপতি মো: মুনতাকিম আশরাফ, এফবিসিসিআইয়ের পরিচালকসহ আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘ক্লাইমেট ইনভেস্টমেন্ট পটেশিয়াল, থ্রেট অর অপরচুনিটি ফর প্রাইভেট সেক্টর এবং ‘পিপলস এজেন্ডা অন ক্লাইমেট চেঞ্জ বিষয়ে দুটো প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে সার্কভূক্ত দেশগুলোর জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে চলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকিসমূহ মোকাবেলায় বাংলাদেশ প্রয়োজনীয় প্রযুক্তি গ্রহণ করেছে। ঝুঁকি হ্রাসে সরকরের নেয়া পদক্ষেপগুলো বিশ্বে প্রশংসিত হচ্ছে উল্লেখ করে তিনি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কৃষি গবেষণার ওপর প্রয়োজনীয় বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি, জলবায়ু পরিবর্তন ২১ শতকের অন্যতম বড় এক চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। অন্যতম ঝুঁকিপ্রবণ অঞ্চল হিসেবে দক্ষিণ এশিয়ায় দারিদ্র এবং খাদ্য নিরপত্তার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। জনাব মহিউদ্দিন জানান, বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড’ গঠন করেছে। এসময় তিনি জানান, দেশের ব্যবসায়িরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা প্রবর্তন, পরিবেশে-বান্ধব ও সবুজ কারখানা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনার দিকটিতে খেয়াল রেখে দেশের ‘অর্থনৈতিক অঞ্চলগুলো’ স্থাপন করার ক্ষেত্রে তাদের সহায়তা অব্যাহত রেখেছে। এছাড়াও এসসিসিআই সভাপতি রুয়ান এডিরিসিংহে, এসসিসিআই সহ-সভাপতি মাহবুবুল আলম এবং এসসিসিআই সিনিয়র সহ-সভাপতি ইফতেখার আলি মালিকও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


