ঢাকা, ১১ই অক্টোবর, ২০২৫: ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর খলিফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর ৮ম প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ই অক্টোবর) সকাল ৯টা থেকে আল জামিয়াতুল ইসলামীয়া ইদারাতুল উলুম মাদরাসা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সারাদেশ থেকে বোর্ডের প্রতিনিধি উলামায়ে কেরাম সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মাদ আলী। বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।
সভায় আগত অতিথিরা বোর্ডের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের উন্নতি সাধনের পথ ও পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বোর্ডের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
সম্মেলনের সমাপনী ভাষণে মহাসচিব মুফতি মোহাম্মাদ আলী বোর্ডের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং আগামী ১৫ই নভেম্বর খতমে নবুয়ত কনফারেন্সের দাওয়াত দেন। সবশেষে মুসলিম উম্মাহর কল্যাণ এবং বোর্ডের চেয়ারম্যানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মধ্যাহ্নভোজের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়


