পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালিহ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার সকালে ঢাকা পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে সরাসরি সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে যান ইব্রাহিম সলিহ। সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
মালদ্বীপের প্রেসিডেন্ট স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার সাথে তার স্ত্রী ও অন্যান্য সফরসঙ্গীরা ছিলেন। এ সময় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার প্রদান করে।
ইব্রাহিম সলিহ পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে একটি বকুল গাছের চারা রোপন করেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মালদ্বীপের প্রেসিডেন্ট সড়ক পথে ধানমণ্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্দেশ্যে রওনা হন।


