জাপানি সাংবাদিককে গ্রেপ্তার করলো জান্তা সরকার

জাপানি সাংবাদিককে গ্রেপ্তার করলো জান্তা সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের গতকাল রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যার পর জাপানের এক সাংবাদিককে আটক করেছে দেশটির জান্তা কর্তৃপক্ষ। আজ সোমবার (১৯ এপ্রিল) জাপান সরকার বিষয়টি জানিয়েছে। আটক সাংবাদিককে মুক্ত করার চেষ্টা চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বার্মিজকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল (১৮ এপ্রিল) রাতে ফ্রিল্যান্স সাংবাদিক ইয়োকি কিতাজুমিকে তাঁর বাসা থেকে তুলে নিয়ে যান সেনাসদস্যরা। তাঁকে দুই হাত ওপরে তুলতে বলা হয় এবং একটি মোটরগাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়।

এদিকে এক সংবাদ সম্মেলনে প্রধান মন্ত্রিপরিষদ সচিব কাতসুনোবু কাতো বলেন, ‘তাঁর দ্রুত মুক্তি চাই। আমরা জাপানের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি।’ জাপান সরকার সাংবাদিকের আটকাবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে বলেও তিনি জানান। এ ব্যাপারে জান্তা সরকারের এক মুখপাত্রের কাছে রয়টার্স মন্তব্য চাইলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।

ইয়োকি কিতাজুমির ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যমে প্রকাশিত তাঁর সাক্ষাৎকার থেকে জানা যায়, মিয়ানমারে ইয়াঙ্গুন মিডিয়া প্রফেশনালস নামে প্রতিষ্ঠান চালান তিনি এবং অর্থনীতিবিষয়ক দৈনিক পত্রিকা নিক্কেই বিজনেসের একজন সাংবাদিক হিসেবে কাজ করেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নেমে গ্রেপ্তার হয়েছিলেন ইয়োকি কিতাজুমি। তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দুই মাস ধরে জান্তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা চলছে। অধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানায়, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৭৩৭ জন নিহত হয়েছেন এবং আটক করা হয়েছে ৩ হাজার ২২৯ জনকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *