পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশবাসির স্বপ্নের মেট্রোরেলের প্রথম একসেট ট্রেন জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) তাদের ফেসবুক পাতায় ট্রেন সেটটির ছবিও প্রকাশ করেছে। জাইকা বাংলাদেশ বলেছে, ২৪ সেট ট্রেনের মধ্যে প্রথম সেটটি বুধবার রাতে জাপানের কোবে বন্দর থেকে জাহাজে উঠেছে। শিগগিরই তা বাংলাদেশে এসে পৌঁছাবে।
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, মোংলা বন্দর দিয়ে খালাস করা হবে এক সেট ট্রেনবাহী ওই জাহাজটি। সেখান থেকে এপ্রিলের শেষ দিকে সেটি উত্তরায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপোতে পৌঁছার কথা রয়েছে। এরপর ডিপোর ভেতর প্রাথমিক চলাচল শুরু করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। ডিপোতে প্রথম দফার পরীক্ষা শেষে মূল লাইনে পরীক্ষামূলক চলাচল করবে মেট্রো ট্রেন।
জাপানে ইতোমধ্যে আরো পাঁচ সেট মেট্রোরেলের ট্রেন তৈরি হয়ে গেছে বলেও ডিএমটিসিএলেরও ওই সূত্র জানিয়েছে। সব মিলিয়ে মেট্রোরেলের জন্য তৈরি হচ্ছে ২৪ সেট ট্রেন। প্রতি সেটে থাকছে ছয়টি করে বগি।
উল্লেখ্য, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলের লাইন নির্মিত হচ্ছে জাইকার অর্থায়নে। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে ওই প্রকল্পে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনন্দ আরও রঙিন করে তুলতে চলতি বছরেই মেট্রোরেল চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।



