পাথেয় রিপোর্ট : বিএনপির সংসদ সদস্যরা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এর প্রমাণ দিতে পারলে সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সরকারি দল আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান।
মঙ্গলবার (১৮ জুন) বিকেলে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বগুড়া-১ আসনের সরকার দলীয় এই সংসদ সদস্য এ কথা বলেন।
আব্দুল মান্নান বলেন, এই সংসদে বিএনপির সদস্যরা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেছেন। বিএনপির ছয়জন সংসদ সদস্য আছেন। ওনারা সবাই বক্তৃতা শুরুই করেছেন স্বাধীনতার ঘোষক একজন ব্যক্তির নাম নিয়ে। বিএনপির যারা এ দাবি করেন ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক’ তারা কেউ এর প্রমাণ দিতে পারলে আমি সংসদ থেকে পদত্যাগ করবো।
এর আগে, বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ ও সংরক্ষিত আসনে দলটি থেকে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে অধিবেশনে বক্তব্য দেয়ার সময় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে অভিহিত করেন।
আব্দুল মান্নান বলেন, বিএনপির নেতারা খালেদা জিয়ার মুক্তি চান। মুক্তি চাইতেই পারেন, মুক্তি কি এই সংসদ দেবে নাকি সরকার দেবে। এটা তো আদালতের বিষয়। কিন্তু কী কারণে খালেদা জিযা জেলে গেছেন সেটা দেশের সবাই জানেন। যে নেতৃত্ব দিয়ে বিএনপি চলছে এই নেতৃত্ব দিয়ে হবে না। এই নেতৃত্ব দিয়ে বিএনপি টিকে থাকবে না। এগুলো বদলান।
‘বিএনপির আরেকজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) লন্ডনে বসে আছেন। দুর্নীতির দায়ে আদালতে যার সাজা হয়েছে। নেতাগিরি করতে হলে দেশে আসতে বলেন, কোর্টকে ফেস করতে বলেন। এরকম অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে দলের নেতা বানালে তাদের সেই দল চালানোর দিন শেষ হয়ে গেছে।
বাজেট সম্পর্কে আব্দুল মান্নান বলেন, এই বাজেট জনকল্যাণমুখী বাজেট। দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। দেশে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।


