নিজস্ব প্রতিবেদক ● চলতি মৌসুমের দুটি হজ ফ্লাইট ৮৩৭ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ৪১৮ জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন করেন ও হজযাত্রীদের বিদায় জানান। এ সময় হজযাত্রীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দ্বিতীয় ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০১১ বেলা ১১টা ৫৫ মিনিটে ৪১৯ যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে উড়ে যায়। এছাড়া সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বিজি-৭০১১ ফ্লাইট ও রাত ৮টা ৪০ মিনিটে শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ দুটি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে গত শনিবার রাজধানীর আশকোনায় হজক্যাম্পে চলতি হজ মৌসুমের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জনসহ মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি এ বছর হজে যাওয়ার সুযোগ পাবেন। এবারেই রেকর্ড সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে হজ পালন করতে যাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ১ সেপ্টেম্বর হজ হতে পারে। হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে বিমানের বিশেষ ফ্লাইট চলবে ২৬ অগাস্ট পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে। বিমান ১৭৭টি ডেডিকেটেড এবং ৩৩টি শিডিউল ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। আর ১৬৯টি ডেডিকেটেড ও ৩০টি শিডিউল ফ্লাইটে বিমান সৌদি থেকে হজযাত্রীদের দেশে আনবে। সৌদি এরাবিয়ান এয়ারলাইনস সবগুলো ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে বাকি ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের মত বিমানও এবার হজযাত্রীদের কাছ থেকে উড়োজাহাজ ভাড়ার অর্ধেক অগ্রিম নিচ্ছে। গত কয়েক বছরের মত এবারও জমজমের পানি আগেই বাংলাদেশে আনা হবে। হজযাত্রীরা ফিরে এলে বিমানবন্দরে তাদের হাতে পাঁচ লিটার করে পানি তুলে দেওয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইকনোমি ক্লাসের প্রত্যেক হজযাত্রী দুটি ব্যাগে সর্বোচ্চ ৪৬ কেজি এবং বিজনেস ক্লাসে সর্বোচ্চ ৫৬ কেজি মালামাল নিতে পারবেন। এর বাইরে কেবিন ব্যাগেজে নেওয়া যাবে সাত কেজি। কোনো ধরনের ধারালো বস্তু, যেমন ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব দাঁত খিলান, তাবিজ বা গ্যাস জাতীয় বস্তু, যেমন অ্যারোসল এবং ১০০ মিলি লিটারের বেশি তরল পদার্থ হ্যান্ড ব্যাগেজে বহন করা যাবে না। কোনো ধরনের খাবারও সঙ্গে নেওয়া যাবে না। এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ-১ এর আওতায় ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ পড়ছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার।


