জেরুজালেম হবে ইসরাইলের কবরস্থান : ইরান

জেরুজালেম হবে ইসরাইলের কবরস্থান : ইরান

ওয়ার্ল্ড ডেস্ক ●  জেরুজালেম ইসরাইলের কবরস্থানে পরিণত হবে বলে মন্তব্য করেছে ইরানের সশস্ত্র বাহিনী-আইআরজিসি। মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের এই তীর্থস্থান নিয়ে ইসরাইল-যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলি জাফারি। তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এ খবর জানিয়েছে।

তেহরানে আইআরজিসির এক অনুষ্ঠানে জেনারেল জাফারি দাবি করেন, পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় বোকামি করেছে। আল্লাহর রহমতে জেরুজালেম হবে ইসরাইলিদের কবরস্থান। এ সময় তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্র রুখে দিতে মুসলিমবিশ্বের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নইলে দেরি হয়ে যাবে।

জেনারেল জাফারি বলেন, পর্দার আড়ালে কয়েকটি আরব দেশ বিশেষ করে সৌদি আরবের সঙ্গে পরামর্শ, সমঝোতা ও সমন্বয় করেই ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং বিষয়টি নিয়ে কয়েক মাস আগে থেকেই তারা পরামর্শ করছিল। সৌদি আরব ও মার্কিন সরকারের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন জেনারেল জাফারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *