পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলায় ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দুই শ’ পাঁচজনে দাঁড়িয়েছে। ইসরাইলি বাহিনীর শুক্রবার (৭ মে) রাতের হামলায় আহতের এই সংখ্যা এক বিবৃতিতে জানায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনায় আহত ৮৮ জনকে তারা জেরুসালেমের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। বাকিদের তারা ঘটনাস্থলেই চিকিৎসা দিয়েছেন।
ইসরাইলি পুলিশের ছোঁড়া রাবার বুলেটেই বেশিরভাগের আহত হওয়ার কারণ বলে বিবৃতিতে জানানো হয়। ওই অঞ্চলে হাসপাতালে বেডের স্বল্পতায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে বলেও বিবৃতিতে জানানো হয়।
অপরদিকে ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় তাদের ১৭ সদস্য আহত হয়েছে।


