জ্ঞানের রাজ্য আবু বকর আল জাযাঈরী রহ.

জ্ঞানের রাজ্য আবু বকর আল জাযাঈরী রহ.

মুফতি আব্দুস সালাম : তারুণ্যের শুরুতে আমাদের বহুশ্রুত একটি নাম ছিলো ‘আবু বকর আল জাযাঈরী’। তার লিখিত ‘আইসারুত তাফাসীর’ পড়ে পড়ে আমাদের তরুণ মনে তাঁর প্রতি জন্ম নিয়েছিলো এক অগাধ ভালোবাসা। আরও পরে যখন সীরাত বিষয়ক তার অসাধারণ গ্রন্থ ‘হাজাল হাবীব মুহাম্মাদ… পড়লাম এক বর্ণিল সুখের দোলা লাগলো হৃদয়ে হৃদয়ে। কিংবদন্তিতুল্য আমাদের তারুণ্যের সেই ভালোবাসার মানুষটি চলে গেলেন। তার চলে যাওয়ায় সমগ্র মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর সম্পূর্ণ নাম আবু বকর জাবের বিন মুসা বিন আব্দুল কাদের বিন যাবের হলেও আমরা তাকে ‘আবু বকর আল জাযাঈরী’ নামেই চিনি।

আলজেরিয়ার উত্তরপ্রদেশ বিসকারা অন্তর্গত লিওয়া শহরে ১৯২১ সালে তিনি জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন নিজ গ্রাম লিওয়ায়। শৈশবে পবিত্র কুরআনুল কারীম হিফজ করেন এবং মালেকী মাযহাবের ফিকহ শাস্ত্রের প্রথমিক গ্রন্থসমূহ পড়ে ফেলেন।

এরপর উচ্চশিক্ষার জন্য চলে আসেন বিসকারা শহরে। সেখানকার প্রখ্যাত ওলামা-মাশায়েখের কাছে কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, মানতেক, ইতিহাস, সাহিত্য ইত্যাদি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। এরপর সপরিবারে পাড়ি জমান মদীনা মুনাওয়ারায়। মসজিদে নববীতে মদীনার বিখ্যাতসব উলামা মাশায়েখদের দরসে অংশগ্রহণ করেন। একসময় নিজেই হয়ে উঠেন মসজিদে নববীর একজন শায়খ। দীর্ঘদিন যাবত সেখানে দরস প্রদান করেন।

১৯৬২ হিজরীতে মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লাভ হলে প্রথম থেকেই তিনি সেখানকার একজন সিনিয়র অধ্যাপক হিসেবে যোগদান করেন। এখানেই তিনি ২০ বছর কর্মরত থাকেন। এই বিশটি বছরকেই তিনি তাঁর জীবনের সোনালী অধ্যায় মনে করেন৷ এসমই তিনি তার লেখক ও গবেষক স্বত্বার অস্তিত্ব জানান দিতে সক্ষম হয়েছিলেন।

তাঁর শিক্ষক ও মাশায়েখগণ

আবু বকর আল জাযাঈরী আলজেরিয়া ও মদীনা মুনাওয়ারার বিখ্যাত মাশায়েখেদের কাছ থেকে জ্ঞান লাভ করেন। তার আলজেরিয়ার মাশায়েখদের মধ্যে অন্যতম হচ্ছেন, শায়খ নাঈম নুয়াইমী, শায়খ ঈসা মা’তুকী, শায়খ তইয়েব আকাবী।

মদিনায় তার বিখ্যাত শায়খদের অন্যতম হলেন, শায়খ মুহাম্মদ আল হাফেজ, শাইখ মোহাম্মদ হাফেয।

তাঁর ইলমের সুখ্যাতি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়লে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞানপিপাসুরা এসে তার থেকে জ্ঞান আহরণ করেন।

তাদের মধ্য থেকে অন্যতম হলেন

শায়খ আবু আব্দুল মুঈয ফিরকাউস
শায়েখ সালেহ আল মুগামিসী
আল হুসাম উদ্দীন আফফানা
আদনান আল খুতাইরী
ফাহাদ যায়ন সুলতান
আব্দুর রহমান বিন মহিউদ্দিন
আব্দুর রহমান বিন সাদেক আল জাবেরী
ইদ্রিস বিন ইবরাহীম আল মাগরিবী
আম জাবীন হামিদ বিন বশির কারআনী
আব্দুল্লাহ বিন শাইখ মোহাম্মদ আল আমিন
মুক্তার বিন শাইখ মোহাম্মদ আল আমিন
আবদুল্লাহ বিন ফয়েজ আল জুহানী প্রমূখ

তাঁর রাজনৈতিক মতাদর্শ ও উগ্রবাদবিরোধী অবস্থান

আবু বকর আল জাযাঈরী আলজেরিয়ার স্থানীয় রাজনৈতিক ‘আল বায়ান’পার্টির সাথে জড়িত ছিলেন। আলজেরিয়ার তিনি ইউনিয়নবাদী যুব আন্দোলন এবং ঐক্যবাদী ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার সাথে অংশ নেন।

আবু বকর আল জাযাঈরী উগ্রবাদের ঘোর বিরোধী ছিলেন এবং ‘খুরুজ আলাল ইমাম’ অর্থাৎ ‘মুসলিম শাসককে ত্যাগ করা’ অবৈধ ঘোষণা করেন। তিনি আলজেরীয় গণতান্ত্রিক পদ্ধতিকে বৈধ মনে করতেন। আলজেরীয়দের কিছু নির্বাচনের অনুষ্ঠানগুলিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শিয়াদের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। এদের বিরুদ্ধে ‘শিয়াদের প্রতি আমার হুঁশিয়ারি’ নামে অনবদ্য একটি পুস্তক রচনা করেন।

রচনাবলী

ইসলামী আকিদা, শিষ্টাচার, ইবাদাত বিষয়ে লেখেন ‘মিনহাজুল মুসলিম’ ও ‘আকিদাতুল মুসলিম’ তাঁর সবচেয়ে বিখ্যাত যে গ্রন্থটি সেটি হচ্ছে ‘আইসারুত তাফাসির’।
রাসূলে কারীম সাল্লাল্লাহু সালামের জীবনী নিয়ে রচিত হাজাল হাবিব মোহাম্মদ (সাল্লাল্লাহু সাল্লাম) সীরাত বিষয়ক তাঁর অসাধারণ একটি গ্রন্থ।

জ্ঞানময় একটি শতাব্দী পার করে একটি ভোরের আলো ফোটার আগেই ‘আবু বকর আল জাযাঈরী’ চলে গেলেন না ফেরার দেশে। মসজিদে নববীতে জানাযা, জান্নাতুল বাকীতে দাফন এমন ভাগ্য কজনের হয়?


[মধ্যপ্রাচ্যের আরবি জার্নাল থেকে রচিত। ]

লেখক : শিক্ষক, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, জামিআ ইকরা বাংলাদেশ, ঢাকা

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *