ওয়ার্ল্ড ডেস্ক • নিউইয়র্কের ব্রঙ্কসে একটি এপার্টমেন্টে অগ্নিকান্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় এই অগিকান্ডের সূচনা হয়। নিউ ইয়র্কের দমকল বাহিনী প্রধান ড্যানিয়ল নিগ্রো বলেছেন, মনে হচ্ছে এক শিশু তাদের রান্নাঘরে জ্বলন্ত চুলা নিয়ে খেলতে গিয়েই গত আটাশ বছরে শহরের সবচেয়ে ভয়াবহ আগুন লাগিয়ে দেয়।
তিনি বলেন, আগুন খুব দ্রুত সিঁড়ি ঘর দিয়ে উপরে উঠে যায়, যার ফলে ভবনের বাসিন্দারা খুব কম সময় পান। ড্যানিয়েল নিগ্রো আরো বলেন, যে শিশুর কারনে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তার বয়স তিন বছর। আগুনের সূত্রপাত হবার সঙ্গে সঙ্গে শিশুটির মা তার দুই সন্তান নিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যান। এ সময় তিনি দরজা খোলা রেখে যান। ফলে সে বাসা থেকে আগুন বেরিয়ে সিড়িতে ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর প্রধান বলেন, সিঁড়ির জায়গা একটি আগুনের চিমনি হিসেবে কাজ করেছে এবং এর মাধ্যমে আগুন দ্রুত উপরের দিকে ছড়িয়েছে। যখন আগুনের সূত্রপাত হয় তখন তখন শিশুটির মা জানতো না। চিৎকারের ফলে তিনি আগুন লাগার ঘটনা জানতে পারেন। ব্রঙ্কসের মেয়র বিল ডে ব্লাসিও এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অগ্নিকান্ডে এক নবজাতকসহ ১২ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন চারজন। নিহত ব্যক্তিরা এপার্টমেন্ট ভবনটির বিভিন্ন তলার বাসিন্দা। ভবনটি ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় ও ব্রঙ্কস চিড়িয়াখানার নিকটে প্রসপেক্টস এভিনিউতে অবস্থিত। অগ্নিকান্ডের পর অন্তত ১৬০ জন অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিল ডে ব্লাসিও।


