পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সরবরাহ বাড়াতে এরইমধ্যে ব্রুনাই, কাতার ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী বছরে যেন লোডশেডিং না হয় সরকার সেই চেষ্টা করছে। আশা করা হচ্ছে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। বৃহস্পতিবার, ১ ডিসেম্বর সকালে রাজধানীর তেজগাঁওসহ ডিপিডিসির আওতাভুক্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী ।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর বেশিরভাগ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ভূগর্ভস্থ করার পরিকল্পনা রয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ধানমন্ডির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আন্ডারগ্রাউন্ড করা হবে। এছাড়া পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বড় অংশ এ পরিকল্পনার আওতায় আসবে।
লোডশেডিংয়ের বিষয়ে নসরুল হামিদ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও জনভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। জ্বালানি সরবরাহ বাড়াতে এরইমধ্যে ব্রুনাই, কাতার ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেবে।


