পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিবন্ধন করেও যারা হজে যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ১০ থেকে ১৯ অক্টোবরের মধ্যে এ অর্থ চেকের মাধ্যমে দেওয়া হবে। গত ৬ অক্টোবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়।
আগামী ১০ থেকে ১৯ অক্টোবরের মধ্যে এ অর্থ চেকের মাধ্যমে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে যাওয়ার জন্য ২০২০ সালে যারা নিবন্ধন করেছিলেন, কিন্তু বয়স ও অন্যান্য কারণে প্যাকেজ মাইগ্রেশন করে ২০২২ সালে যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। বিভিন্ন কেন্দ্রে চেকের মাধ্যমে এ টাকা দেওয়া হবে। চেক গ্রহণের সময় নিবন্ধনের মূল সনদ, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সঙ্গে আনতে হবে।
কোনো কারণে নিবন্ধিত ব্যক্তি নিজে আসতে না পারলে যাকে পাঠাবেন তাকে একটি ক্ষমতাপত্র দিয়ে পাঠালেও হবে। তবে এক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ থেকে ১৩ অক্টোবর রাজধানীর আশকোনার হজক্যাম্পে, ১৫ থেকে ১৬ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ে, ১৮ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ে, ২০ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ে, ২২ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ে, ২৪ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে, ২৬ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে এবং ২৯ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চেক বিতরণ করা হবে।


