টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুবিধা বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুবিধা বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, টিকা কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিক নিবন্ধনের সুবিধা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, নিবন্ধন না করেও অনেকে টিকা নিতে আসায় বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রত্যন্ত এলাকার মানুষ, বিশেষ করে যাদের স্মার্টফোন নেই, তাদের জন্য টিকাদান কেন্দ্রে এসে নিবন্ধনের সুযোগ রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তিন লাখের বেশি মানুষ ইতোমধ্যে টিকা নিয়েছেন। কিন্তু টিকাদান কার্যক্রম ঠিকভাবে চালাতেই আপাতত ওই সুবিধা বন্ধের সিদ্ধান্ত তারা নিয়েছেন।

মন্ত্রী বলেন, আমরা চাই সুষ্ঠুভাবে ভ্যাকসিন নেয়া হোক। আমরা বিভিন্ন রকমের জায়গা তৈরি করে দিয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা অনস্পট রেজিস্ট্রেশন করছেন- তাদের সংখ্যাই বেশি। আর যারা আগে রেজিস্ট্রেশন করে যাচ্ছেন, তারাই ঢুকতে পারছেন না। বয়স্ক লোকেরা যাচ্ছে, তাদের কষ্ট হচ্ছে। যারা ভ্যাকসিন দিচ্ছে- ডাক্তার, নার্স তাদের কষ্ট হচ্ছে। আমরা এই পরিস্থিতি চলতে দিতে চাই না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন যেহেতু অনেক সাকসেসফুলি হচ্ছে, ১০ লাখের বেশি হয়ে গেছে, এ কারণে আমরা এখন অনস্পট রেজিস্ট্রেশন আর করব না। যারা নিবন্ধন করে কেন্দ্রে যাবেন, এখন থেকে শুধু তাদেরই টিকা দেয়া হবে বলেও জানিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কার্যক্রম ‘পেপারলেস’ করার ঘোষণা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *