টেকনাফে মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গা আটক

টেকনাফে মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গা আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে বিপর্যয়ের মধ্যে কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা।

বুধবার (১৫ এপ্রিল) রাতে টেকনাফের বাহারছড়ার হলবনিয়া পাড়া জাহাজপুড়া ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকায় ফেরত এসেছেন।

আটক রোহিঙ্গা দোশ মোহাম্মদ জানান, দুই মাস আগে ৪৮২ জন রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু সেদেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে ফিরে আসেন তারা। তিনিও ওই ট্রলারে ছিলেন। এতদিন তারা সাগরে ভাসতে ছিলেন। ট্রলারে ৩৪২ জনের মতো রয়েছেন এবং ২৮ জন মারা গেছেন বলে জানান তিনি।

তারা উখিয়া কুতুপালং ক্যাম্পে থাকতেন বলেও জানান দোশ মোহাম্মদ।

এদিকে, রোহিঙ্গাদের টেকনাফে আসার খবরে পুরো এলাকায় করোনা আতঙ্ক দেখা দিয়েছে।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার এম. সোহেল রানা জানান, রোহিঙ্গা-ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে ওঠার সময় ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সমুদ্র পথে মালয়েশিয়া যাত্রা করছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসাম জানান, ‘৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফেরত এসেছে। তাদের একটি স্থানে জড়ো করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। আটকদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *