ট্রেনে নারীর জন্য কামরা কেন নয় : হাইকোর্টের রুল

ট্রেনে নারীর জন্য কামরা কেন নয় : হাইকোর্টের রুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা থাকার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে এই রুল দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১০ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানিতে এ রুল দেন।

ট্রেনের প্রতিটি কামরায় শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য কিছু আসন সংরক্ষণে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে সে বিষয়েও জানতে চাওয়া হয়।

রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারা বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে চলতি বছরের ১৩ জানুয়ারি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ পারভীন। এরপর রিটকারী ২৪ ফেব্রুয়ারি একটি সম্পূরক আবেদন করেন। এসবের ওপর শুনানি নিয়ে আজ রুল দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আরো পড়ুন : বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় যাবে : বাণিজ্যমন্ত্রী

আইনজীবীর তথ্যমতে, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুসারে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা। ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকবে বলা আছে। সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানা আরোপের কথাও উল্লেখ আছে ১১৯ ধারায়। ওই দুই ধারার বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষাপটে রিটটি করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস জানান, রেলওয়েসচিব, স্বরাষ্ট্রসচিব, ঢাকার ডেপুটি কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *