ডাকাতির প্রস্তুতিকালেই গোলা-বারুদসহ গ্রেফতার ১৩ ডাকাত

ডাকাতির প্রস্তুতিকালেই গোলা-বারুদসহ গ্রেফতার ১৩ ডাকাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে পাবনা সদর উপজেলার বাংলাবাজারে অস্ত্র, গুলিসহ ১৩ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে এ অভিযানে অস্ত্রসহ এই ডাকাতদল আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি রিভলবার, ১১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল ও একটি টাংগি উদ্ধার করে পুলিশ।

আটক ডাকাতরা হলো- দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার ফরিদ ওরফে বালু ফরিদ (৪০), মুকুল হোসেন (৪৫), আবির মোহাম্মদ (২০), জমসেদ খাঁ (৬২), আনোয়ার হোসেন (৩৬), শিপন (২০), আশিক (২২), রামচন্দ্রপুর ঘোষপাড়া এলাকার ছানাউল্লাহ মল্লিক (৪৬), শুভ্র শেখ (২৫), দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার ইয়ারুল ইসলাম (৩৪), আব্দুস সামাদ (৫৭), চর রামচন্দ্রপুর গ্রামের টিটু খাঁ (৪০) ও আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৪)।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত; এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান ও ডিবি পুলিশের ওসি ফরিদ হোসেনের নেতৃত্বে পুলিশের আলাদা দুটি দল সেখানে অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে গেলেও দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে ১৩ জনকে আটক করা হয়।’

এ ঘটনায় মামলা দায়ের করে ডাকাতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *