ডিএমপিকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

ডিএমপিকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ঢাকা মহানগরীর নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকা মহানগরীর নিরাপত্তা সংশ্লিষ্ট দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে। সামাজিক নিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে এবং পুলিশি সেবার মান আরও উন্নত করতে ডিএমপিকে আরও বেশি জনসম্পৃক্ত হতে হবে এবং জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। বিশ্বায়নের বর্তমান বাস্তবতায় যুগোপযোগী পুলিশি সেবা প্রদানে উন্নত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে ডিএমপির সদস্যদের সমৃদ্ধ হতে হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে একথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম অব্যাহত রাখতে টেকসই নিরাপত্তা ব্যবস্থার কোনো বিকল্প নেই। রাজধানী ঢাকা দেশের ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা-সংস্কৃতির প্রাণকেন্দ্র। তাই দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ এ মন্ত্রকে ধারণ করে অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণের আস্থার প্রতিফলন ঘটাবে- এ প্রত্যাশা করি। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *