ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই (শনিবার) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৭ ডেঙ্গু রোগী।

শনিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার একই সময়ের মধ্যে সারা দেশে নতুন করে আরও ৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৬৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫ জন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৪ জন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩১৯ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬১ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২ হাজার ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৭৫৬ জন।

এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৭৮ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৪ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর পর থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

২০২০ সালে করোনার সময়ে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *