ঢাকায় কলেরার টিকা পাবে ২৩ লাখ মানুষ

ঢাকায় কলেরার টিকা পাবে ২৩ লাখ মানুষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়া হবে। এক বছর বয়স থেকে সব বয়সী মানুষ কলেরার টিকা পাবে। তবে অন্তঃসত্ত্বা মা এই টিকা পাবেন না।

ডায়রিয়ার প্রাদুর্ভাব এবং রাজধানীতে কলেরার টিকা দেওয়ার বিষয়ে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তর ডায়রিয়ায় এ পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য পেয়েছে। তবে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) তথ্য মতে, এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে ডায়রিয়ায়।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, রাজধানীতে ২৩ লাখ মানুষকে কলেরার টিকা খাওয়ানো হবে। এ জন্য পাঁচটি স্থান নির্ধারণ করা হয়েছে। স্থানগুলো হলো : যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ। আগামী মাসে এই টিকার প্রথম ডোজ দেওয়া হবে। আর জুনে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

কলেরার টিকা সারা দেশে কেন দেওয়া হবে না, এমন প্রশ্নে মুখপাত্র বলেন, ‘টিকার এখন খুব সংকট। নাইজেরিয়া থেকে টিকা কেটে আমাদের দেওয়া হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া রোগী যাত্রাবাড়ী এলাকায়। যাত্রাবাড়ীতে কেন ডায়রিয়ার প্রাদুর্ভাব—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, ‘নিরাপদ পানির অভাবে। পানি সরবরাহ লাইনে সমস্যা আছে। পানির সমস্যা সমাধান না হলে এটা থেকেই যাবে। যে পানি আমি ব্যবহার করব, তা নিজ দায়িত্বে নিরাপদ করে নিতে হবে।’

আইসিডিডিআরবির তথ্য তুলে ধরে ডায়রিয়ায় এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে জানালে নাজমুল ইসলাম বলেন, ‘আইসিডিডিআরবি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। আমরা এ পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য পেয়েছি। তারা আমাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে এ তথ্য হস্তান্তর করেনি। করলে আমরা সেগুলো বিশ্লেষণ করে দেখব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *