নিজস্ব প্রতিবেদক ● চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) নবনিযুক্ত মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ ওথাইমিন। শনিবার সকাল সোয়া ১০টায় আমিরাত এয়ারলাইন্সের (ইকে ৫৮৩) ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। এ সময় তাকে বিদায় জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় এবং কনসূলার বিষয়ক সচিব কামরুল আহসান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এতথ্য নিশ্চিত করেছে। গত বুধবার মধ্যরাতে ওআইসি মহাসচিব ঢাকায় আসেন। মহাসচিব হিসেবে বাংলাদেশে এটি ড. ওথাইমিনের প্রথম সফর।
চার দিনের সফরে রাষ্ট্র ও সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন ওআইসি মহাসচিব। এ ছাড়া মিয়ানমারে ক্রমাগত নির্বাচনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজার যান তিনি।


