পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো হল সলিমুল্লাহ মুসলিম হলের দক্ষিণ ব্লকের দক্ষিণ ও পশ্চিমের বারান্দায় ফাটল দেখা দিয়েছে। বিষয়টি ঝুঁকিপূর্ণ বিবেচনায় আগামী ৭ অক্টোবরের মধ্যে ওই বারান্দা থেকে শিক্ষার্থীদের সরে যেতে বলা হয়েছে। একইসাথে করণীয় ঠিক করতে প্রভোস্টকে আহ্বায়ক করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
হল প্রশাসন ঘোষণা দিয়েছে, দেয়ালে ফাটল ধরা বারান্দার ওই ব্লক সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। তা না হলে হল কর্তৃপক্ষ সেখান থেকে সকল আসবাবপত্র জোর করে সরিয়ে নিয়ে যাবে। একইসঙ্গে সেখানে অবস্থান করা শিক্ষার্থীদেরকে সিটের জন্য হল অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, এই হলটি অনেক পুরনো। স্বাভাবিকভাবেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তবে দক্ষিণ ও পশ্চিমের বারান্দার ফাটল খুবই ঝুঁকিপূর্ণ। ঝুঁকি এড়াতে আমরা কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের দুজন প্রকৌশলী এবং বুয়েটের তিনজন বিশেষজ্ঞ ফাটল ধরা অংশ পরিদর্শন করে গেছেন।


