পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাইওয়ানের অগ্নিনির্বাপন কর্মকর্তারা জানান, কাওসিয়াং শহরে ১৩তলা ওই ভবনে ভোর রাতের দিকে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে দেখে মনে হয়েছে, তাদের মধ্যে প্রাণের কোনো অস্তিত্ব নেই।
তাইওয়ানে কেবল হাসপাতালই মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারে। অগ্নিনির্বাপন বিভাগের পরিচালক জানান, ঘটনাস্থল থেকে কেবল ১১ জনকে সরাসরি হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
এ ঘটনায় উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। অগ্নিনির্বাপন কর্মীরা জানান, আগুনে বহুতল ভবনের বেশ কয়েক তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কিভাবে আগুন লাগলো, তা জানা যায়নি। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন। স্থানীয় কর্মকর্তারা জানান, ভবনটি প্রায় ৪০ বছর আগের।


