তানভীর এনায়েত—এর একগুচ্ছ কাসিদা

তানভীর এনায়েত—এর একগুচ্ছ কাসিদা

১. কাসিদায়ে লাইলাহ

মুখ যেহেতু আমি দিলাম
বুঝবো ব্যথা আমিই বিষের
তোমার এতো চিন্তা কিসের

আমার মুখে দিন না ফুটুক
ঘটবে গমন অমানিশের
তোমার এতো চিন্তা কিসের

তোমর কেন ভাবনা এতো
আমায় ঘিরে এক পৃথিবীর
ভাবনা কেনো এত্তো বিবিড়
কেনো তুমি ঝরাও বাদল
ভেজাও কাজল চক্ষুশিবির

ভেজাও কেন সন্ধ্যা-আকাশ
চাঁদ তারা ও রাতের তিমির
ভেজাও কেন হাসনাহেনা
জুঁই চামেলি ভোরের শিশির

২. কসিদায়ে আফরিঁ

তোমার আমার মৃত্যুকথা জানবে না হয় এক মহাকাল
জানবে না হয় বৃষ্টিদুপুর যুগলবন্দি রৌদ্রসকাল
এই অভিমান আকাশ-সমান নীলের মতো বিষাক্ত খুব
তোমার আমার মৃত্যুকথা শেষ চালানের তাসের তুরুপ

তোমার আগে মৃত্যু হলে আমার রবে ইচ্ছে বাকি
তুমি তবে ফুল হয়ে যাও আমি হবো গানের পাখি
নদীর যেমন জলকাকলি ঊষারপাতের মৃত্যু আনে
তোমার আমার মৃত্যু হলে দুঃখ হবে শীতল গানে।

৩. কাসিদায়ে তাহাজ্জুদ

সুপ্রিয় শুক্রবার
প্রারম্ভে তোমার বেহেশতি হাওয়ার অভিবাদন
নাম না জানা ফুলের যে ঘ্রাণ আমার দহলিজে বয়ে এসেছে
সেখানে পুলকিত হও এই প্রাক-সুবহে সাদিকের অনিন্দ বেলায়
নিসর্গের আত্মজাত সজীবতায় তোমাকে শুভাগমন হে আমার পবিত্র দিবস
অতপর পবিত্র কালাম থেকে উচ্চারিত সুবিন্যস্ত আয়াতের কিয়দংশ
সাথে মস্তকানত কিছু সিজদা ও সামান্য অশ্রু রোদন
নিশিজাগা ফিরিশতার ঠোঁটে প্রেরিত কিছু করজোর প্রার্থনার ভেজা খাম
কামনায় কিছু চিরায়ত মাগফেরাত ও সবরে জামিল দানের কায়মনো প্রার্থনা
আর কিছু চুপচাপ; কাবাখচিত জায়নামাজের দুদ-রীরবতা

৪. কাসিদায়ে গন্দম

এখানে এসো ওগো
নিষিদ্ধ গন্দম খেতে দেবো নারী
তারপর ছিটকে পড়বো কাদাজলের অমসৃণ পৃথিবীতে

তুমি হাওয়া হতে রাজি আছো বলো?
আমি তো সেই কবেই হয়ে আছি অভিশপ্ত আদম মানুষ
তবে তাই হলে গুচ্ছ গুচ্ছ জন্ম দেবো হাবিল কাবিল
খুন হবে প্রেমিকার বুকের সফেদ মাংস
মাটি খুঁড়ে সমাধি শেখাবে রাজার প্রেরিত কাক

যদি রাজি থাকো এসো, চিরতরে নিষিদ্ধ হই একসাথে
মাটিতে নিক্ষেপ পরি আমাদের যাবতীয় সুখ ও দুঃখের পাণ্ডুলিপি।

৫. কাসিদায়ে তাবাসসুম

বাতাসের কাছে গন্ধ রেখেছি বুনে
তুমি হেসে দিলে অস্ফুটে কথা শুনে
আকাশের কাছে রেখেছি তারার ফুল
আঙুলের ভাঁজে দেখে নিও তুমি গুণে

বৃষ্টির কাছে রেখেছি গানের কলি
তুমি হেসে দিলে জোছনা জলাঞ্জলি
অবসরে গেলে রাতপাখিদের দল
কানদের কাছে মুকে রেখে গান বলি

নিদ্রার কাছে স্বপ্ন রেখেছি জমা
তুমি হেসে দিলে আঁধার পাবে না ক্ষমা
তুমি ডেকে দিলে খুন হয়ে যাবে চোখ
ঘুম ভেঙে আমি মরে যাবো প্রিয়তমা

পা.টো.ড/আদিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *