তাবলীগে দ্বন্দ্ব নিরসনে এগিয়ে আসুন : আল্লামা মাসঊদ

তাবলীগে দ্বন্দ্ব নিরসনে এগিয়ে আসুন : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : তাবলীগ জামাতের সৃষ্ট চলমান সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আজ যখন বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের সমূলে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে এবং মুসলমানদের পরস্পরে দ্বন্দ্ব সৃষ্টির অপকৌশল চালানো হচ্ছে, ঠিক এহেন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলীগের এই মহান কাজে সৃষ্ট সমস্যার আশু নিরসন না হলে উম্মতের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আল্লামা মাসঊদ সবাইকে সমস্যার সমাধানে এগিয়ে আসার এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
রোববার সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শোলাকিয়ার ইমাম বলেন, সর্বত্র দ্বীন কায়েমের জন্য সাধারণ মানুষ এবং ওলামায়েকেরামের মাঝে সুসম্পর্ক অটুট থাকা অপরিহার্য। আকাবির ও আসলাফের চেতনা সিক্ত তাবলীগের এই মহান কাজের মাধ্যমে সাধারণ মানুষ এবং ওলামায়েকেরামের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তা আজ চক্রান্তকারীরা বরদাশত করতে পারছে না। ওয়ারিশে নবী হিসাবে এ সম্পর্ক অক্ষুণ্ন রাখা আমাদের ঐকান্তিক দায়িত্ব। যেকোনো মূল্যেই হোক না কেন সকলকে এ সম্পর্ক বজায় রাখতে হবে।

দ্বীনদরদি সবার প্রতি শান্তির আহ্বান জানিয়ে শাইখুল হাদিস আল্লামা মাসঊদ বলেন, তাবলীগের এই কাজকে গতিশীল রাখার জন্য সকলের প্রতি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাধারণ মানুষ এবং ওলামায়েকেরাম চিরদিন একে-অন্যের সহযোগী। কেউ কারো পক্ষ-প্রতিপক্ষ হতে পারে না।

ফরীদ উদ্দীন মাসঊদের বক্তব্যের সঙ্গে ঐকমত্য পোষণ করে শীর্ষ আলেমদের মধ্যে স্বাক্ষর করেছেন—মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা রুহুল আমীন খান উজানী, মাওলানা দেলাওয়ার হুসাইন সাইফী, মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, মুফতি ইবরাহীম শিলাস্তানী, মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা হাবিবুল্লাহ গুলজার, মাওলানা আসআদ আল হুসাইনী ও মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *