পাথেয় রিপোর্ট : সমাজের আলেম ও সাধারণ জনতার মধ্যে নতুন করে বিভেদ তৈরি করার জন্য তাবলীগ জামাতের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যন্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, চলমান তাবলীগ জামাতের কাজকে নষ্ট করে দেয়ার জন্য ইহুদী চক্রান্ত শুরু হয়েছে।
শুক্রবার বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর সঙ্গে বাংলাদেশ জমিয়তুল উলামার যাত্রাবাড়ী ,শ্যামপুর, কদমতলি থানা শাখার শতাধিক নেতাকর্মী সাক্ষাৎ করতে এলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর চৌধুরিপাড়া ইকরা বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আল্লামা মাসঊদ বলেন, ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তি সেই শুরু থেকেই অপচেষ্টা চালিয়ে আসছে কি করে আলেম ওলামার সাথে সাধারণ জনতাকে দূরে সরিয়ে রাখা যায়। যাতে তাঁরা ইসলাম সম্পর্কে জানতে না পারে , সেই লক্ষে তাঁরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছে তারই ধারাবাহিকতায় বর্তমানে তাবলীগ জামাতের মাঝেও তাঁরা বিভেদ সৃষ্টি করেছে।

তাবলীগ জামাতের মাঝে এই বিভেদ সৃষ্টি করার জন্য তাঁদের বহুদিনের প্রচেষ্টা উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, পাকিস্তানের মারকাজ রায়বেন্ডের মুরব্বি হাজি আব্দুল ওয়াহাব সাহেবের দীর্ঘ দিনের খাদেম ও বেশ কয়েকজন মুরব্বি ছিল ইহুদী চর যা পরে জানা যায়।
বাংলাদেশ জমিয়তুল উলামা আলেম-জনতার মাঝে বিভেদ দূর করে সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
জমিয়তের ঢাকা মহানগরী সেক্রেটারি মাওলানা সদরুদ্দীন মাকনুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্নাহ, জমিয়তের সহকারি সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ। মাওলানা শফিকুল ইসলাম, শেখ নাঈমুল ইসলাম প্রমুখ।
গ্রন্থনা : নাঈম ইসলাম সম্পাদনা : মাসউদুল কাদির


