তামিম ইকবাল এখন ১০ হাজারি ক্লাবে

তামিম ইকবাল এখন ১০ হাজারি ক্লাবে

স্পোর্টস ডেস্ক ● বাংলাদেশের ব্যাটিংয়ের অনেকগুলো রেকর্ডই তার দখলে বা তিনি প্রথমে করেছেন। এবার নিজের সাফ্যলের মুকুটে আরও একটি পালক যোগ করে নিল দেশসেরা ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে সুরঙ্গা লাকমালের প্রথম ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে টাইগারদের পক্ষে তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান তামিম। শততম টেস্টের আগে ৪৮ টেস্টে তামিমের ঝুলিতে ছিলো ৩৫৪৬ রান। আর সব ফরম্যাট মিলিয়ে মোট রান ছিলো ৯৮৬৮।

কলম্বো টেস্টে ১০ হাজার রান পূরণ হতে তার দরকার ছিলো ১৩২ রানের। কিন্তু শততম টেস্টের দুই ইনিংস মিলিয়ে তামিম করেন ৪৯ ও ৮২ রান। তাতে ৯৯৯৯ রানে থামতে হয় তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ এই রান সংগ্রাহককে। এখন পর্যন্ত ৪৯ টি টেস্ট ম্যাচে ৯৪ ইনিংসে ব্যাট করে ৩৯.৫৩ গড়ে বা-হাতি এই ওপেনার রান করেছেন ৩৬৭৭। সর্বোচ্চ ২০৬ রান। টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা আটটি এবং হাফ সেঞ্চুরি করেছেন ২২টি। ১৬২ ওয়ানডেতে তামিমের সংগ্রহ ৩২.৪০ গড়ে ৫১২০ রান।

ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রান। ওয়ানডে ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা সাতটি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৩৪টি। এছাড়া ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪.০৪ গড়ে এক সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে করেছেন ১২০২ রান। ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান। বাংলাদেশের হয়ে ব্যক্তিগত রান সংগ্রাহকের তালিকায় ক্রিকেটের তিন ফরম্যাটেই তামিমের পেছনে রয়েছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সংগ্রহ ৯২৮৮ রান। ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে বা-হাতি এই অলরাউন্ডারের এখনও প্রয়োজন ৭১২ রান।

এ বছর নিজের প্রথম সেঞ্চুরিটার দেখা অবশেষে পেলেন তামিম ইকবাল। ডাম্বুলায় বাঁহাতি ওপেনারের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩২৪ রান করেছে। তামিম করেছেন ১২৭ রান। তামিমকে দারুণ সঙ্গ দিয়েছেন দুজন। সাকিব আল হাসান করেছেন ৭২। সাব্বির রহমান করেছেন ৫৪। সাব্বিরের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন তামিম। তামিম-সাকিবের ১৪৪ রানের জুটি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশও নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে। শুরু থেকে একপ্রান্ত ধরে রেখে খেলে তামিমই রাখলেন মূল ভূমিকা। ১৪২ বলের ইনিংসটায় মেরেছেন ১৫টি চার, ছয় একটি। ৪৮তম ওভারে আউট হওয়ার আগে বাংলাদেশকে দিয়ে গেছেন ৩০০-র গতিপথ।

কদিন আগে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানরা খারাপ করেছেন, এটা বলার সুযোগ নেই। তামিম, সাকিব, মুশফিক, সৌম্য, সাব্বির—রান পেয়েছেন সবাই। তবুও একটা অতৃপ্তি থেকে গেছে, যেটি কাল সংবাদ সম্মেলনে বলেছেন মাশরাফি বিন মুর্তজা, ‘টেস্টে সবাই ভালো ব্যাটিং করেছে, কিন্তু সেঞ্চুরি পেয়েছে শুধু সাকিব।’

মাশরাফির কথাটা সবচেয়ে বেশি প্রযোজ্য তামিমের ক্ষেত্র। ২ টেস্টে ৫১.৭৫ গড়ে ২০৭ রান করে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার চেয়ে বড় কথা, পি সারা ওভালে চতুর্থ ইনিংসে ৮২ রান করে দলকে যেভাবে জিতিয়েছেন, দুর্দান্ত! শ্রীলঙ্কা সফরে দারুণ সব ইনিংস এসেছে তামিমের ব্যাট থেকে, অথচ সেগুলোর একটিও তিন অঙ্ক স্পর্শ করেনি।

গত বছর দুর্দান্ত কাটানো তামিমের এ বছরটা খারাপ যাচ্ছে না। কিন্তু ‘অসাধারণ যাচ্ছে’ সেটাও বলা যাচ্ছিল না আগের ১৩ ইনিংসে একবারও সেঞ্চুরি না করতে পারায়। নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে ফিফটি পেলেন। ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে হায়দরাবাদ টেস্টে চেনা রূপে দেখা না গেলেও এবার শ্রীলঙ্কা সফরে বাঁহাতি ওপেনারের সর্বশেষ চার ইনিংস—৫৭, ১৯, ৪৯ ও ৮২।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *