তিন বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

তিন বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ (রোববার) মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য অংশে খুবই সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া শনিবার দেশের অন্য অঞ্চল ছিল প্রায় বৃষ্টিহীন। শনিবার (১১ জুন) সকাল ৬টা থেকে রোববার (১২ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সবচেয়ে বেশি ৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টি কমে যাওয়ায় ফের ভ্যাপসা গরম বাড়ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

রোববার সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *