তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, প্রবল বন্যার শঙ্কা

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, প্রবল বন্যার শঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারী বর্ষণ এবং উজানের পানির ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। ফলে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে দেখা দিয়েছে প্রবল বন্যার শঙ্কা। আতঙ্কিত হয়ে পড়েছেন তিস্তা চরের মানুষ।

জানা গেছে, তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে তিস্তা চরের কয়েক শ একর আবাদি জমি পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা জানান, তাদের ধানের বীজতলা পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে ধান রোপণ করা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তিস্তা ব্যারাজের খালিশা চাপানী ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার শূন্য দশমিক ৫০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও রোববার (২০ জুন) বিকেল ৩টায় উজানের ঢলে পানি বৃদ্ধি পায় শূন্য দশমিক ২০ মিটার। এতে বিকেল ৩টা পর্যন্ত ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫২ দশমিক ৩০ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রোববার (২০ জুন) সন্ধ্যা ৬টার পর সেই পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।

স্থানীয়রা জানান, উজানের ঢল ও আষাঢ়ের ভারী বর্ষণের কারণে বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীর পানি। এর ফলে ডিমলা উপজেলার খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, শৌলমারী, গোলমুন্ডা ও কৈমারী এলাকার তিস্তা নদীর চরসহ লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আব্দুল আল মামুন এ বিষয়ে বলেন, উজানের পানির ঢল এবং বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বাড়ছে হু হু করে। এভাবে পানি বাড়তে থাকলে প্রবল বন্যার আশঙ্কা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *