তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। যেকোনো সময় পানি ব্যারেজ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে মনে করছেন পাউবো কর্মকর্তারা।

রোববার (১২ জুন) দুপুর ১২টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার। যা বিপৎসীমার দশমিক ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমা ধরা হয়েছে ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার পর্যন্ত।

এদিকে উজানের ঢল অব্যাহত থাকায় দেশের সর্ববৃহৎ এই ব্যারেজের ৪৪টি স্লুইসগেট খুলে রাখা হয়েছে। পানি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় তিস্তার চর এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। অবশ্য ভারী বর্ষণ ও উজানের ঢল নেমে আসায় প্রাণ ফিরে পেয়েছে মরা তিস্তা নদী।

ব্যারেজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, শনিবার সকাল থেকে তিস্তা নদীর পানি ৫১ দশমিক ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে রোববার সকালে পানি বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, তিস্তা নদীর পানি এখন বৃদ্ধি পাচ্ছে। দুপুর ১২টা থেকে নদীর পানি ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার দশমিক ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, যেকোনো সময় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তাই তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইসগেট খুলে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *